মার্কিন হামলায় ইরানে ২৩ ওষুধ কোম্পানি ক্ষতিগ্রস্ত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
 মার্কিন হামলায় ইরানে ২৩ ওষুধ কোম্পানি ক্ষতিগ্রস্ত
প্রতীকী ছবি

সম্প্রতি মার্কিন হামলায় ইরানে ১৫টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত ৮টি সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ হাশেমি। তবে এ ক্ষতির পরও দেশের ওষুধ সরবরাহ ব্যবস্থা সচল রয়েছে বলে জানান তিনি।

হাশেমি বলেন, যদিও দেশের ঔষধ সরবরাহ ব্যবস্থা সচল রয়েছে, তবে নির্দিষ্ট কিছু কাঁচামাল এবং অত্যাবশ্যকীয় ঔষধ সংগ্রহের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উৎপাদন ও বিতরণ কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ওষুধ তৈরি ও পৌঁছানোর গতি কিছুটা ধীর হতে পারে। তবে এতে দেশের সামগ্রিক ওষুধ শিল্প থমকে গেছে এমনটি ভাবতে নারাজ দেশটির স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা। পরিস্থিতি কিছুটা জটিল হলেও ওষুধের গুণগত মানে কোনো আপস করা হবে না বলে জানান হাশেমি। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতি কাঁচামাল সংগ্রহ এবং কিছু কেন্দ্রের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে, কিন্তু গুণগত মান এবং ঔষধ উৎপাদন সংক্রান্ত নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে।

পরিস্থিতির হালনাগাদ তথ্য দিয়ে তিনি আরও জানান, দেশে থাকা প্রায় ৭০০টি অত্যাবশ্যকীয় ও জরুরি ওষুধের মধ্যে ৩৭টির সরবরাহ কঠিন হয়ে পড়েছে। এ অসুবিধাগুলোর কয়েকটি সংগ্রহ ও আমদানির ওপর বিদ্যমান বিধিনিষেধের সঙ্গে সম্পর্কিত। তবে এ পরিসংখ্যানের মানেই যে বাজারে হুট করে ওষুধগুলো উধাও হয়ে গেছে, বিষয়টি তা নয়। এ হিসাবের পেছনে মূল কারণ হলো সরবরাহ ব্যবস্থা এখন বেশ কঠিন রূপ নিয়েছে। ফলে সার্বিক পরিস্থিতিতে কাঁচামালের সঠিক ব্যবস্থাপনা ও মজুত ব্যবস্থার দিকে কড়া নজর রাখা জরুরি।

কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ার বাইরেও বর্তমানে বিশ্ব বাণিজ্য ও পরিবহন নিষেধাজ্ঞার কারণে ওষুধ খাতের মূল কাঁচামাল, খুচরা যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম আনা বেশ দুরুহ হয়ে দাঁড়িয়েছে। এর ওপর ওষুধ তৈরি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করাও এক বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিদ্যমান নানা বাধা সত্ত্বেও রোগীদের কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে সার্বক্ষণিক কাজ চলছে বলে আশ্বস্ত করেছে খাদ্য ও ঔষধ প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর উৎপাদন বাড়ানো, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট দূর করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/