ট্রাম্পের পোস্টে মোদিকে শুভেচ্ছা: লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ট্রাম্পের পোস্টে মোদিকে শুভেচ্ছা: লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প

নরেন্দ্র মোদি ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হতে চলেছেন- চলতি বছরের জুন মাসে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ অভিনন্দনবার্তার নেপথ্যে ছিল একটি মার্কিন লবিং সংস্থা। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ‘ফারা’-র অধীনে জমা দেওয়া সাম্প্রতিক কিছু নথিতে এমন তথ্যই উঠে এসেছে। জানা গেছে, ভারত সরকারের পক্ষে মার্কিন প্রশাসনে প্রভাব বিস্তার ও সম্পর্ক জোরদারের কাজ করছিল লবিং প্রতিষ্ঠান ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহল হিসেবে পরিচিত ব্যক্তিদের দিয়েই পরিচালিত হয় এ মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। সাবেক মার্কিন প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের পর মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তিতে সংস্থাটিকে নিয়োগ দেয় ভারত সরকার। এর মূল দলে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের সাবেক চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত মার্কারির নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সংস্থাটি ফারা-তে জমা দেওয়া কাজের তালিকায় জুন মাসে ট্রাম্পের করা ওই বিশেষ সোশ্যাল মিডিয়া পোস্টটির কথা উল্লেখ করেছে।

তবে শুধু মার্কারই নয়, মার্কিন রাজনীতিতে প্রভাব খাটাতে এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরও একটি সংস্থাকে কাজে লাগিয়েছিল দিল্লি। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এ প্রতিষ্ঠানটি মে ও জুন মাসে ভারতীয় প্রতিনিধি এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অন্তত আটটি হাই-প্রোফাইল ফোন কলের ব্যবস্থা করে দেয়।

২০২৫ সালের এপ্রিলে মিলারের সংস্থার সঙ্গে চুক্তি করে ভারত, যা পরে আরও এক বছরের জন্য বাড়ানো হয়। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস মাসিক দেড় লাখ ডলারের বিনিময়ে তাদের সঙ্গে চুক্তিটি সই করে। শর্ত অনুযায়ী, এদের কাজ ছিল মার্কিন সরকার, মার্কিন কংগ্রেস, রাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক এবং অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ, কৌশলগত পরিকল্পনা এবং সরকারি সম্পর্ক বিষয়ক সহায়তা দেয়া।

সূত্র: দ্য ওয়ার

/এমএকে/