পূর্বঘোষিত সময়েই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পূর্বঘোষিত সময়েই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল

ইউজিসি ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিলেও নিজস্ব সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঢাবির।

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সোমবার (৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি বলেন, নির্ধারিত সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ আগস্ট ভর্তি কমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১১ নভেম্বর, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, সোমবার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয় করতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করে ইউজিসি। সভা শেষে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক লিখিত বক্তব্যে জানান, আগামী বছরের জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে।

ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে ইউজিসির ওই সভায় উপস্থিত ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। কমিশনের সিদ্ধান্তের পর সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা বসে। সভায় আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

/এমআর/