মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: আরাঘচি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ইরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দৌড়ঝাঁপ থমকে গেছে। রবিবার (৮ নভেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন নির্বাচনের ফল সবাইকে বড় ধাক্কা দিয়েছে এবং এরপর থেকে মধ্যস্থতাকারীরা আর কোনো আলোচনা করেননি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শীর্ষ এই কূটনীতিক বলেন, এ ফলাফলগুলো হজম করতে তাদের কত সময় লাগে, তা আমাদের দেখতে হবে, যাতে আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারি।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সংঘাতটি স্থায়ীভাবে থামাতে কাতার ও পাকিস্তানসহ বেশ কয়েকটি আঞ্চলিক দেশ কয়েক মাস ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। তবে বর্তমানে মাঠপর্যায়ে সরাসরি সংঘাত কিছুটা কমে এলেও এর কূটনৈতিক সমাধানের কোনো পথ বের হয়নি। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালি এখনো ইরান অবরুদ্ধ করে রেখেছে, অন্যদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতেও মার্কিন নৌবাহিনী তাদের পাল্টা অবরোধ বহাল রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। তিনি লেখেন, মার্কিন ভোটাররা তাদের পছন্দ জানিয়ে দিয়েছে। এখন হোয়াইট হাউসের নিজস্ব পছন্দ জানানোর সময়। তিনি বলেন, ওয়াশিংটনকে হয় তেহরানের আগের দাবিগুলো মেনে নিতে হবে, না হয় যুদ্ধ বেছে নিতে।

উল্লেখ্য, সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালি উন্মুক্ত করতে গত সেপ্টেম্বর মাসে ইরান একটি ৭ দিনের শান্তি প্রস্তাব দিয়েছিল। এতে শর্ত দেওয়া হয়েছিল- সবগুলো ফ্রন্টে লড়াই থামাতে হবে, ইরানের আটকে থাকা সম্পদ মুক্ত করতে হবে, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে এবং দেশটির বন্দরগুলোর পাল্টা অবরোধ প্রত্যাহার করতে হবে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/