শিরোনাম

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় ভাষণটি দেবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভেট বলেন, ‘কাল রাতে ইস্টার্ন টাইম, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান, ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তি হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আকষ্মিকভাবে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন। তবে এক মাস পেরিয়ে গেলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। উল্টো পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে।

যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। যা এখন বন্ধই আছে। দেশটি শুধুমাত্র তাদের মিত্র ও বন্ধু দেশকে সেখান দিয়ে জাহাজ পার করতে দিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য ঠিক করেছে হরমুজ খোলাকে। যা যুদ্ধের আগে খোলাই ছিল।

সূত্র: সিএনএন

/জেএইচ/