রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?
প্রতীকী ছবি

অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন চার্জে লাগিয়ে দেন। সারারাত ধরে চার্জ হতে থাক। ফলে ফোনের ব্যাটারি শতভাগ পূর্ণ হয়ে যাওয়ার পরও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের সংযোগে থাকে। এতে ব্যাটারির ক্ষতি হয় কি না, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। পুরাতন ফোনে এর ক্ষতি হলেও আধুনিক স্মার্টফোনের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন।

বর্তমান স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। এটা এমনভাবে তৈরি, যাতে ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে এর চার্জিং সিস্টেম প্রয়োজন অনুযায়ী কারেন্ট সরবরাহ কমিয়ে দেয় বা মূল চার্জিং প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে ১০০ শতাংশে পৌঁছানোর পরেও ব্যাটারিতে একইভাবে লাগাতার বিদ্যুৎ সরবরাহ হয় না। তাই রাতভর চার্জে রাখলেই ফোন ‘ওভারচার্জ’ হয়ে নষ্ট হয়ে যাবে এমন ধারণা ঠিক নয়।

১০০ শতাংশ চার্জে দীর্ঘক্ষণ থাকা কি ভালো?

ওভারচার্জ না হলেও দীর্ঘ সময় ধরে ব্যাটারিকে ১০০ শতাংশ চার্জ অবস্থায় রাখা ফোনের জন্য ভালো নয়। কারণ লিথিয়াম-ভিত্তিক ব্যাটারিতে দীর্ঘ সময় সম্পূর্ণ চার্জ ধরে রাখলে ধীরে ধীরে রাসায়নিক অবক্ষয়ের হার বাড়তে পারে। এর প্রভাব ব্যাটারির সর্বোচ্চ ধারণক্ষমতায় পড়ে।

ফলে কয়েক মাস বা বছর ব্যবহারের পর দেখা গেলো চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাই বলা যায়, রাতভর চার্জে লাগিয়ে রাখার সবচেয়ে বড় আশঙ্কা তাৎক্ষণিক ‘ওভারচার্জ’ নয়; বরং দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা কমে যাওয়া।

চার্জ দেওয়ার সময় গরম হচ্ছে কি না, নিজর রাখতে হবে

ব্যাটারির ক্ষেত্রে তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার্জ দেওয়ার সময় ফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক। তবে অতিরিক্ত তাপ ব্যাটারির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে ফোনকে বালিশ, কম্বল বা বিছানার নিচে রেখে চার্জ দেওয়া উচিত নয়। এসব জায়গায় ফোনের চারপাশে বাতাস চলাচল কম থাকে। এতে তাপ সহজে বের হতে পারে না। ফলে ফোন গরম হয়ে যায।

ফোনের ব্যাটারি রক্ষায় ফিচার কাজে লাগান

ব্যাটারির আয়ু ধরে রাখতে এখন বেশিরভাগ স্মার্টফোনেই বিশেষ চার্জিং ফিচার দেওয়া হয়। এর নাম ফোনভেদে অপটিমাইজড চার্জিং, অ্যাডাপটিভ চার্জিং অথবা ব্যাটারি প্রোটেকশন হতে পারে।

এই ফিচারগুলো ব্যবহারকারীর চার্জ দেওয়ার অভ্যাস বিশ্লেষণ করে। সেইসঙ্গে দীর্ঘক্ষণ ফোনকে ১০০ শতাংশে আটকে না রেখে নির্দিষ্ট সময়ের কাছাকাছি গিয়ে পুরো চার্জ করে।

ব্যাটারি ভালো রাখার উপায়

  1. চার্জ দেওয়ার সময় ফোন খোলা, শক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।
  2. ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণ ব্যবহার বন্ধ রাখুন।
  3. মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করুন।
  4. ফোনে ‘ব্যাটারি প্রটেকশন’ বা ‘অপ্টিমাইজড চার্জিং’ সুবিধা থাকলে তা চালু রাখুন।
/জেএইচ/