মধ্যপ্রাচ্যের দুই দেশে নিষিদ্ধ হলো টেলিগ্রাম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মধ্যপ্রাচ্যের দুই দেশে নিষিদ্ধ হলো টেলিগ্রাম
টেলিগ্রামের লোগো

সাইবার অপরাধ ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ওপর কড়াকড়ি আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ জর্ডান ও ইরাক। সোমবার (১৬ নভেম্বর) পৃথক ঘোষণায় দেশ দুইটিতে অ্যাপটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, ব্ল্যাকমেল, চাঁদাবাজি এবং উগ্রবাদী কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এসব কারণে জননিরাপত্তা রক্ষার্থে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে নাগরিকদের অপরিচিত অ্যাকাউন্ট ও সন্দেহজনক লিংক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। এর আগে জর্ডানের একটি অর্থোডক্স গির্জায় মর্মান্তিক হামলার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড দেওয়ার ঠিক একদিন পরই এ নিষেধাজ্ঞার খবর এলো। অক্টোবরের ওই হামলায় ৯ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছিলেন। এছাড়া আম্মানে শ্রীলঙ্কা দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাটিকেও সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে দেশটির কর্তৃপক্ষ।

অন্যদিকে, চলতি বছর দ্বিতীয়বারের মতো টেলিগ্রাম নিষিদ্ধ করেছে ইরাক। দেশটির যোগাযোগ ও গণমাধ্যম কমিশন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও আইন লঙ্ঘনের অভিযোগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত এপ্রিলেও একবার অ্যাপটি নিষিদ্ধ করেছিল বাগদাদ, তবে নিয়ম মেনে চলার শর্তে মে মাসে তা আবার খুলে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে টেলিগ্রামের ব্যবহার বেশ জনপ্রিয় এবং এ অঞ্চলের প্রায় ১০ শতাংশ মানুষ নিয়মিত এটি ব্যবহার করেন। কেবল এ দুই দেশই নয়, জাতীয় নিরাপত্তা ও আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছর ভারত ও রাশিয়াও টেলিগ্রামের ওপর বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/