দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১১৩ রানে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১১৩ রানে
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে এসে সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। তৃতীয় সেশনে ৩৪ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ১৫৮ রান, বাংলাদেশ নিতে পারে ৩টি উইকেট। ফলে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে এখনও বাংলাদেশের চেয়ে ১১৩ রানে পিছিয়ে।

দক্ষিণ আফ্রিকা ৬২ ওভার খেলে রান তুলেছে ওভারপ্রতি ৪ দশমিক ৬২ করে। ফলে বাংলাদেশ তৃতীয় দিনে দ্রুত উইকেট তুলে নিতে না পারলে লিড নেবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ আজ সোমবার (১৬ নভেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরু করে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। বাংলাদেশ দল শেষ পর্যন্ত অলআউট হয় ৪০০ রানে। প্রথম সেশনের বাকি সময়ে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১টি উইকেট হারায়।

দ্বিতীয় সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ওয়ানডে মেজাজে ব্যাট করেছেন প্রোটিয়ারা।

তৃতীয় সেশনে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। মুমিনুল হক জুবায়ের হামজাকে (৮৩) আউট করে দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি ভাঙেন।

এরপর হাসান মাহমুদকে হুক করতে গিয়ে তাসকিন আহমেদের ক্যাচ হয়েছেন মার্কেস অ্যাকারম্যান। ফেরার আগে ১৬৪ বলে ১৫৭ রান করেন। তার ইনিংসটি ২১টি চার ও ১ ছক্কায় সাজানো।

দলীয় ২৭৯ রানে আউট হন ম্যাথু ব্রিটজকে (২)। তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। তিনি রিভিউ নিয়েছিলেন। তবে রিপ্লেতে দেখা গেছে, ব্যাট ছুঁয়েই উইকেটকিপারের গ্লাভসে গেছে বল।

টেম্বা বাভুমা ১৯ ও রায়ান রিকেলটন ৭ রানে অপরাজিত আছেন। ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

/টিই/