দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ১৭

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ১৭
আফ্রিকান পুলিশের সদস্য

দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) রাতে প্রিটোরিয়ার পশ্চিমে জেফসভিল এবং কোয়াজুলু-নাটাল প্রদেশের সুইটওয়াটার্স এলাকায় এ দুইটি হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে প্রিটোরিয়ার পশ্চিমে অ্যাটেরিজভিলের জেফসভিল এলাকার ৪ কক্ষের একটি টিনের ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। এতে ছয়জন পুরুষ ও তিনজন নারীসহ মোট নয়জন ঘটনাস্থলেই মারা যান। ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

একই রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের অদূরে সুইটওয়াটার্সের মাবানে এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে একটি গাড়ির ভেতরে থাকা আটজন পুরুষকে গুলি করে হত্যা করা হয়।

একই রাতে দেশের দুই প্রান্তে ঘটা এই জোড়া হত্যাকাণ্ডের পেছনে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। তবে পরপর এমন দুটি নৃশংস ঘটনার পর দক্ষিণ আফ্রিকার সার্বিক নিরাপত্তা ও ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা নিয়ে জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

/এমএকে/