বৃষ্টি ও শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত গাজাবাসী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বৃষ্টি ও শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত গাজাবাসী
ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও বাসস্থান প্লাবিত। ছবি: আনাদোলু এজেন্সি

গাজায় আশার আলো দেখার দিন এখনো অনেক দূরে। ভয়াবহ যুদ্ধের ক্ষত শুকানোর আগেই ঘিঞ্জি ও অস্থায়ী তাঁবুতে থাকা বাসিন্দাদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী হলুদ রেখা আরও এগিয়ে নেওয়ায় সংকুচিত ভূখণ্ডটি আরও ছোট হয়ে আসছে, অথচ নাগরিকদের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই।

৬ নভেম্বর থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাতে গাজার ৬৫ শতাংশ মানুষের দুর্ভোগ চরমে। বিশেষ করে যারা তাঁবু বা সাধারণ আশ্রয়কেন্দ্রে থাকেন। বন্যাপ্রবণ এলাকায় বাস করা প্রায় দশ লাখ মানুষের মধ্যে চার লাখের অবস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ। বৃষ্টির পানিতে হাজার হাজার তাঁবু তলিয়ে যাওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসতন্ত্রের রোগ। গত বছরের এ সময়ের তুলনায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে ৩৩ হাজার জন বেশি আক্রান্ত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, এই বৃষ্টি গাজার আশ্রয়কেন্দ্র ও ত্রাণকেন্দ্রগুলো লন্ডভন্ড করে দিয়েছে। চব্বিশ ঘণ্টার বৃষ্টিতে প্রায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ধ্বংস হয়েছে ছয় হাজারের বেশি আশ্রয়স্থল। এর সঙ্গে ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসা অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র মানুষের জীবনকে আরও বিপন্ন করে তুলেছে।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি হামলাও থেমে নেই। ওসিএইচএ-র ১৩ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ৩ থেকে ৯ নভেম্বরের মধ্যে বিমান হামলা ও গোলাগুলিতে ২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১৩ জনে। এদিকে দুর্যোগের এ সময়ে ত্রাণ সহায়তা বাড়ার বদলে উল্টো কমে গেছে। চোরাচালানের অজুহাতে ইসরায়েল করিডর বন্ধ রাখায় এবং তহবিল সংকটের কারণে ত্রাণবাহী ট্রাক খালাসের হার আগের তুলনায় অনেক কমে গেছে।

ইসরায়েলি সমন্বয়কারী সংস্থা কোগাট (COGAT) দাবি করেছে, তারা পরিস্থিতি সামাল দিচ্ছে এবং শীতের প্রস্তুতি হিসেবে ৯৩ হাজারের বেশি তাঁবু ও ৮ হাজার ৬০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করেছে। তবে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ- এর তথ্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সপ্তাহে ৪ হাজার ২০০টি ট্রাক ঢোকার কথা থাকলেও কোগাটের নিজস্ব হিসাবেই দেখা গেছে, বাস্তবে এর চেয়ে অনেক কম গাড়ি প্রবেশ করেছে। তথ্য ফাঁস হওয়ার পর কোগাট নিজেদের পরিসংখ্যানকেই সঠিক নয় বলে দাবি করে।

কোগাটের বক্তব্যে চিঁড়ে ভিজেনি আন্তর্জাতিক মহলের। ১৪ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ৬ জন নিহতের ঘটনা উল্লেখ করে উদ্বেগ জানায় এবং ইসরায়েলকে গাজার সমস্ত সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানায়। এর কয়েকদিন পর অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেন, গাজায় শীত জেঁকে বসায় সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ। অন্যান্য সামগ্রীর সঙ্গে দেড় লাখ তাঁবু সীমান্তে আটকে রাখা হয়েছে এবং গাজায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তনযোগ্য– এবং শীত পুরোপুরি জেঁকে বসার আগেই পদক্ষেপ নেওয়ার জন্য এখনও সময় আছে।

সামনের দিনগুলো নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে ডব্লিউএইচও প্রতিনিধি ভ্যান ডি উইয়ার্ড বলেন, এটা মর্মান্তিক যে মাত্র কয়েক দিনের বৃষ্টিই আমাদের দেখিয়ে দিয়েছে আগামী মাসগুলোতে কী হবে। আর শীতও তো এখনো পুরোপুরি জেঁকে বসেনি। সবচেয়ে খারাপ সময়টা এখনো আসেনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএকে/