মার্কিন ডিএফসি অর্থায়নের জন্য যোগ্য বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন ডিএফসি অর্থায়নের জন্য যোগ্য বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন বা ডিএফসি-র তহবিল পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তারা অর্থায়ন করতে পারবে। বেসরকারি খাতের পুঁজি কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক চাহিদা মেটাতে এ সিদ্ধান্ত বড় একটি সুযোগ তৈরি করল বলে মনে করছে সংস্থাটি।

নতুন এ মর্যাদা দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে ডিএফসি-র প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের এ যোগ্যতা অর্জন আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করার ও টেকসই প্রবৃদ্ধি বয়ে আনবে এমন বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোকে সমর্থন করার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ উন্মোচন করতে পারি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থকেও এগিয়ে নিতে পারি।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মনে করেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক গতি বাড়াবে। তিনি উল্লেখ করেন, এ অগ্রযাত্রায় পাশে থাকতেই পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার প্রকাশ করেছে। ডিএফসি-র অর্থায়ন সে লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং আমাদের উভয় দেশে আরও সমৃদ্ধি ত্বরান্বিত করতে ডিএফসি-র অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

দক্ষিণ এশিয়ায় জ্বালানি, জরুরি অবকাঠামো এবং প্রযুক্তি খাতে ডিএফসি-র বিনিয়োগ দীর্ঘদিন ধরেই একটি স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করছে। এটি যেমন আঞ্চলিক মৈত্রীকে মজবুত করে, তেমনি এ অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষাতেও সহায়ক। এখন বাংলাদেশের প্রকল্পগুলোতে ডিএফসি-র অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের সুবিধা যুক্ত হওয়ায় মূলধনের সংকট অনেকটাই কাটবে। যেসব বাণিজ্যিক ও উন্নয়নমূলক প্রকল্প অর্থের অভাবে বা ঝুঁকির কারণে আটকে ছিল, সেগুলো এবার আলোর মুখ দেখবে। এর ফলে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে, জরুরি সেবার মান বাড়বে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও চাঙা হবে।

বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চল সব সময়ই যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মার্কিন সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ শাখা হিসেবে পরিচিত ডিএফসি জানিয়েছে, মুক্তবাজার নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং এ অঞ্চলে আমেরিকান কোম্পানিগুলোর কাজের পরিধি বিস্তৃত করতে তারা বেসরকারি পুঁজি একত্রিত করে কাজ চালিয়ে যাবে।

/এমএকে/