শিরোনাম

যুদ্ধের মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুদ্ধের মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি ইরানের
ইরানের আরমান নামক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

যুদ্ধের ধাক্কা সামলে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত পরিবর্তন ঘটিয়েছে ইরান। প্রচলিত ধারার প্রতিরক্ষা কাঠামো থেকে সরে এসে দেশটি গড়ে তুলেছে সম্পূর্ণ নতুন এক ব্যবস্থা। ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কর্মকর্তার বরাতে ফার্স নিউজ এজেন্সির এক প্রামাণ্যচিত্রে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তার দাবি, আগের বিভিন্ন লড়াইয়ের অভিজ্ঞতা আর দুর্বলতা থেকে শিক্ষা নিয়েই এ সংস্কার করা হয়েছে। যুদ্ধ চলাকালেই কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্ক, সামরিক প্রশিক্ষণ ও রণকৌশলেও বড় পরিবর্তন আনা হয়। নতুন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারই নয়, কীভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, পর্যালোচনা ও আদান-প্রদান করা হবে সে পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

আইআরজিসি কর্মকর্তার মতে, কৌশলগত এসব পদক্ষেপের কারণেই সংঘাত চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ সচল রাখা সম্ভব হয়েছিল। তবে সংঘাতের সময় ইরানের ঠিক কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

সামরিক বিশ্লেষকদের ধারণা, এ বক্তব্য থেকে বোঝা যায় নিজেদের পুরোনো ভুলত্রুটি শুধরে ইরান কীভাবে আকাশ প্রতিরক্ষাকে আধুনিক যুদ্ধের উপযোগী করে তোলার চেষ্টা করছে।

সূত্র: রোয়া নিউজ

/এমএকে/