শিরোনাম

ইরানের রাডার সাইটে হামলা যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
ইরানের রাডার সাইটে হামলা যুক্তরাষ্ট্রের
মার্কিন রণতরী থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ফাইল ছবি (টাইম)

যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। মার্কিন যুদ্ধজাহাজে ইরানের সতর্কতামূলক হামলার পর এবার ইরানের উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (৬ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে ইরানের পাঠানো ড্রোন ভূপাতিত করার পর শনিবার মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে।

এর ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ৪টি ইরানি ড্রোন আঞ্চলিক সামুদ্রিক যান চলাচলকে লক্ষ্যবস্তু করেছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এরপর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত গোরুক ও কেশম দ্বীপে ইরানের নজরদারি চৌকিগুলোতে হামলা চালিয়েছে।

এর আগে ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে সতর্কতামূলক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে বলে দাবি করে ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধ বন্ধ করতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সম্পাদনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো।

চুক্তির অংশ হিসেবে তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ, অপরিশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি, বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং প্রণালিটির ওপর প্রভাব খাটানোর ক্ষমতা চায়। ইরান কার্যকরভাবে প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

সূত্র: রয়টার্স

/জেএইচ/