রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু
রোহিঙ্গা শিশুরা (বাঁয়ে) ও বিচারপতি ইওয়াসাওয়া ইউজি (ডানে)

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকরা একের পর এক আইনি যুক্তিতর্ক, নথিপত্র আর সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে রায় পড়ে শোনাচ্ছেন। দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়কে রোহিঙ্গা সংকটের ইতিহাসে এক বড় মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে। তারও আগে নানা সময়ে নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের অনুসন্ধান দলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন তখনকার অভিযানকে গণহত্যামূলক অভিপ্রায় সম্পন্ন বলে চিহ্নিত করেছিল। সেই ঘটনার জের ধরে ২০১৯ সালের নভেম্বরে ওআইসির সমর্থনে গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ ভাঙার অভিযোগে মামলা করে।

আদালতে এখন মামলার এখতিয়ার, অভিযোগের ভিত্তি এবং দুই পক্ষের জমা দেওয়া তথ্যপ্রমাণ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হচ্ছে। বিচারকদের আলোচনায় মূলত ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আওতায় মিয়ানমারের দায় কতটা, সাক্ষ্য-প্রমাণ ও স্যাটেলাইট ছবি কতটা জোরালো, আগে দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশগুলোর কী অবস্থা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পথ কীভাবে তৈরি হবে- এসব বিষয় উঠে এসেছে।

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও মানবিক চাপ সামলাচ্ছে বাংলাদেশ। তাই এ মামলার রায়ের দিকে ঢাকা গভীর নজর রাখছে। কূটনীতিক ও মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্লেষকদের ধারণা, আজকের রায় ও পর্যবেক্ষণ মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে ভূমিকা রাখতে পারে। রায় পড়া শেষ হলে এর আসল আইনি প্রভাব এবং সামনের কূটনৈতিক পদক্ষেপগুলো আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

/এমএকে/