সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

সন্তান জন্মের সময় স্ত্রীকে পাশে থেকে সাহায্য করা এবং নবজাতকের দেখাশোনার দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ দিতে বিবাহিত সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সন্তান জন্মের আগের ১৫ দিনের মধ্যে কিংবা জন্মের পরবর্তী ছয় মাসের যেকোনো সময় কর্মীরা এ ছুটি নিতে পারবেন।

পুরুষ কর্মীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীদের ছুটির নিয়মের সঙ্গে মিল রেখেই এ মেয়াদ ঠিক করা হয়েছে। ১৯৯৭ সালে পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের পর থেকে কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। অন্যদিকে তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।

এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সন্তান জন্মের আশপাশের সময় মা ও শিশু- উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেয়া এবং নবজাতকের যত্ন নেয়ার ক্ষেত্রে বাবার অংশগ্রহণ অপরিহার্য।’

তবে পিতৃত্বকালীন ছুটির নিয়ম চালু করা রাজ্যগুলোর তালিকায় তামিলনাড়ুই প্রথম নয়। এর আগে ২০১১ সালে ওডিশা ১৫ দিনের এ ছুটি চালু করেছিল। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ কর্মীরা পিতৃত্বকালীন ছুটি ও শিশুযত্ন মিলিয়ে মোট ৩০ দিনের ছুটি পান। কেরালায় এ ছুটির মেয়াদ সর্বোচ্চ ১০ দিন। আর মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন হওয়া ছুটির নিয়মে ১৫ দিনের ছুটি রাখা হয়েছে।

সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হিসেবে ২০২৬ সালের সেপ্টেম্বরে আসামও পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে ছুটির দিন, যোগ্যতার শর্ত এবং কবে থেকে কবে এ ছুটি নেওয়া যাবে- তা নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। অনেক রাজ্যে আবার সন্তান দত্তক নিলে বা সারোগেসির মাধ্যমে বাবা হলেও যোগ্য কর্মীদের এ ছুটি পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/