বাংলাদেশ সীমান্তে নিখোঁজ সেই বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাংলাদেশ সীমান্তে নিখোঁজ সেই বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার
বিএসএফ সদস্য কে ভেনু (বামে), উদ্ধার অভিযান (ডানে)

আসামের কাছাড় জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নিখোঁজের ২ দিন পর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য কে ভেনুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) কাছাড় জেলার কুশিয়ারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী এই কনস্টেবল (জেনারেল ডিউটি) কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন। এর আগে গত সোমবার সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ও বিএসএফের আরেক সদস্য বরাক নদীতে ঝাঁপ দেন। অপর সদস্য তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন ভেনু।

বিএসএফের মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ার জানিয়েছে, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাটের কাছে নদীর ভাটির দিক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ভেনুর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বিমানে করে তার মরদেহ তেলেঙ্গানায় নিজ বাড়িতে পাঠানো হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এরই মধ্যে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে উল্লেখ করেন এক কর্মকর্তা।

বিএসএফ জওয়ানরা চার-পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর আনাগোনা সম্পর্কে খবর পেয়েছিলেন। তাদেরকে আটকানোর জন্য হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব এবং কনস্টেবল কে ভেনু নামে দুইজন জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। বিএসএফ সদস্যরা চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা বরাক নদীতে ঝাঁপ দেয়। ওই দুই জওয়ান তাদের ধাওয়া করতে পানিতে নেমে পড়েন।

পরে নিখোঁজ বিএসএফ সদস্যের সন্ধানে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), নদী পুলিশ ও বিএসএফ সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। এর দুই দিন পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/