শিরোনাম

সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও সীমান্ত সমস্যা মেটাতে সোমবার (২৪ আগস্ট) চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধ নিষ্পত্তির একটি স্থায়ী পথ খুঁজতে ২০০৩ সালে গঠিত এই ব্যবস্থার অধীনে এটি হতে যাচ্ছে ২৫তম পর্বের বৈঠক।

সেপ্টেম্বরে নয়া দিল্লিতে হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন। সবকিছু ঠিক থাকলে ১২-১৩ সেপ্টেম্বরের সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন শি। এর আগে ২০২৫ সালের আগস্টে চিনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও শি জিনপিং শেষবার বৈঠকে বসেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরের ঠিক আগেই দোভালের বেইজিং যাত্রা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ মাত্রা যোগ করেছে।

প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) অরুণাচল প্রদেশ সীমান্তে দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থানের মতো থমথমে পরিস্থিতির প্রেক্ষাপটে এবার বৈঠকে বসছেন বিশেষ প্রতিনিধিরা। শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সীমান্তে স্থিতিশীলতা বজায় থাকার ওপরই নির্ভর করছে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ। বিগত বছরগুলোর জটিলতা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, ২০২০ সালের গ্রীষ্ম থেকে ২০২৪ সালের শরৎ পর্যন্ত আমরা একটি অত্যন্ত খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছি, এবং তার প্রধান কারণ ছিল সীমান্ত এলাকার পরিস্থিতি।’

২০২৪ সালের অক্টোবরে লাদাখ সীমান্তে সামরিক অচলাবস্থা কাটানোর একটি সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। এরপর রাশিয়ায় শি-মোদি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ইতিবাচক সদিচ্ছা দেখা যায়। এরই ধারাবাহিকতায় কৈলাস মানসরোবর যাত্রা ও সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু এবং চীনা নাগরিকদের জন্য ভিসার কড়াকড়ি কিছুটা শিথিল হলেও, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সরানোর বিষয়ে মূল অগ্রগতি এখনও ধীরগতির।

আগের দফার আলোচনায় দুই পক্ষই ২০০৫ সালের চুক্তি মেনে একটি সর্বজনগ্রাহ্য নীতি তৈরিতে ‘রাজনৈতিক দৃষ্টিভঙ্গি’ রাখার বিষয়ে একমত হয়েছিল। পাশাপাশি সীমান্ত নির্ধারণ ও সীমান্ত ব্যবস্থাপনার জন্য বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৬ আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত সমন্বয় কার্যপ্রণালীর (ডব্লিউএমসিসি) বৈঠকের পর এবার দোভাল ও ওয়াং ই-র আলোচনা থেকে সীমান্ত প্রশ্নে নতুন কোনো ইতিবাচক মোড় আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/