শিরোনাম

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার
এক ব্যক্তির কাগজপত্র যাচাই করছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জোরদার অভিযানে মাত্র এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চালানো সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৯০০ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙায় ৩ হাজার ৯৮২ জন এবং শ্রম আইন অমান্য করায় ৩ হাজার ৩১৮ জন রয়েছেন।

অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্তে দিয়ে সৌদিতে ঢোকার চেষ্টার সময় আরও ১হাজার ৫২৪ জন ধরা পড়েছেন। অনুপ্রবেশকারীদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি এক শতাংশ অন্যান্য দেশের। অন্যদিকে, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে ৩৮ জনকে এবং অবৈধদের যাতায়াত, থাকার জায়গা ও কাজের বন্দোবস্ত করে দেওয়ার অপরাধে ২৪ সহায়তাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বর্তমানে মোট ৩১ হাজার ৯২২ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ ও ১ হাজার ৯৬১ জন নারী।

কঠোর বার্তা দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কোনো ব্যক্তি যদি সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করে, দেশের অভ্যন্তরে তাদের যাতায়াতের ব্যবস্থা করে, তাদের আশ্রয় দেয় কিংবা অন্য কোনো ধরনের সহায়তা বা সেবা দেয়, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একইসঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন কিংবা আশ্রয় দেওয়া ঘরবাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।’

সূত্র: সৌদি গেজেট

/এমএকে/