শিরোনাম

ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে গেছে। ছবি: রয়টার্স

বঙ্গোপসাগরে ওড়িশা থেকে সিঙ্গাপুরে লোহার আকরিক বহনকারী পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। শনিবার (২২ আগস্ট) পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ২৪ জন নাবিকসহ জাহাজটি ডুবে যায়। এই ক্রুদের মধ্যে ২০ জন চীন, ৩ জন মিয়ানমার এবং একজন বাংলাদেশের নাগরিক।

একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেশটির উপকূলরক্ষী ও নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে। সহায়তার জন্য ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল। পারাদ্বীপ বন্দর থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ২৪০ নটিক্যাল মাইল।

ভারতীয় কোস্টগার্ড দপ্তরের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন উইনারের নির্মানকারী কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায, এমভি ওশন উইনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় কোম্পানির পক্ষ থেকে জাহাজটিকে অনুসন্ধান ও নাবিকদের উদ্ধারে তৎপরতার অনুরোধও করা হয়। তাদের অনুরোধে সাড়া দিয়ে জাহাজটি সম্ভাব্য যে জায়গায় ডুবেছে, সেখানে অনুসন্ধান তৎপরতা শুরু ভারতীয় কোস্টগার্ড বাহিনী। রাত ৮টা নাগাদ ২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

ভারতীয় নৌবাহিনীও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। এ অভিযানের জন্য নৌবাহিনীর ৩ জাহাজ ভারাদ, আনমোল এবং বিজিত-কে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলমান আছে।

তবে ঠিক কখন ও কী কারণে জাহাজটি ডুবেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

/জেএইচ/