শিরোনাম

উসাইন বোল্টের রেকর্ড ভাঙলো চীনা রোবট

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
উসাইন বোল্টের রেকর্ড ভাঙলো চীনা রোবট
ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের বাছাইপর্বে জয়ী হয় ‘তিয়াংগং আল্ট্রা

ট্র্যাকে গতির তীব্র ঝড় তুলে কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে এক মানবসদৃশ রোবট। বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের’ বাছাইপর্বে ১০০ মিটার দৌড় সম্পন্ন করতে চীনা রোবটটি সময় নিয়েছে মাত্র ৯ দশমিক ৩৯ সেকেন্ড।

বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি এই রোবটটির নাম ‘তিয়াংগং আল্ট্রা’। শনিবারের (২২ আগস্ট) রোমাঞ্চকর এ প্রতিযোগিতায় তীব্র লড়াই জমে উঠেছিল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি ‘লাইটনিং’ নামের আরেকটি রোবটের সঙ্গে। শুরুর দিকে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে লাইটনিংকে টপকে ফিনিশিং লাইন স্পর্শ করে তিয়াংগং। দ্বিতীয় হওয়া লাইটনিংয়ের লেগেছে ৯ দশমিক ৪৭ সেকেন্ড। ২০০৯ সালে বার্লিন ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে মানব ইতিহাসের দ্রুততম মানব হয়েছিলেন জ্যামাইকান স্প্রিন্টার বোল্ট।

তবে ট্র্যাকে ঝড়ের গতি তুললেও মানুষের মতো স্বাভাবিক নিয়ন্ত্রণ বা নৈপুণ্য এখনও রোবটগুলোর আয়ত্তে আসেনি। দৌড় শেষ করে ফিনিশিং লাইনে নিরাপদে থামার বদলে রোবট দুটি সরাসরি গিয়ে ধাক্কা মারে ট্র্যাকে থাকা ফিনিশিং ম্যাটে। বিজয়ী তিয়াংগং নিয়ন্ত্রণ হারিয়ে গতি ধরে রাখতে না পেরে সীমানার দিকে ছুটে গেলে সামনে থাকা দর্শকরা হুড়োহুড়ি করে সরে যান। অন্যদিকে ফিনিশিং পয়েন্টে ধপাস করে আছড়ে পড়া ‘লাইটনিং’ রোবটটিকে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে সরিয়ে নিতে বাধ্য হন আয়োজকরা।

রোবট প্রযুক্তির এ অবিশ্বাস্য গতিতে বাকরুদ্ধ সংশ্লিষ্টরা। মাত্র এক বছর আগে এই প্রতিযোগিতার প্রথম আসরে ১০০ মিটার পার হতে তিয়াংগংয়ের সময় লেগেছিল ২১ দশমিক ৫০ সেকেন্ড। প্রস্তুতিমূলক এক পরীক্ষায় লাইটনিং নাকি আরও কম—মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ড সময় নিয়েছিল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুধু স্বল্প দূরত্বের স্প্রিন্টেই নয়, সহনশীলতার খেলায়ও দাপট দেখাচ্ছে এরা। চলতি বছরের হিউম্যানয়েড হাফ-ম্যারাথনে ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে বাজিমাত করে লাইটনিং। এটি মানুষের পুরুষ ক্যাটাগরির হাফ-ম্যারাথনের বিশ্বরেকর্ড গতির চেয়েও দ্রুত।

/এমএকে/