পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে পিটিয়ে মারলেন মা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে পিটিয়ে মারলেন মা
মেয়ে ও মা। কোলাজ: সিটিজেন জার্নাল

ভারতে পূজা শেষের আগে প্রসাদ খাওয়ায় ৪ বছরের মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। রবিবার (১৫ নভেম্বর) বিহারে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত রিনা কুমারী নামের ওই নারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার পূজার প্রসাদ সাজাচ্ছিলেন রিনা। ওই সময় পরিবারের বাকি সদস্যরা পূজার আয়োজনের প্রস্তুতি নিতে পাশের একটি ঘাটে যান। বাড়িতে শুধু রিনা আর তার চার বছরের মেয়ে সুহানী কুমারী ছিল। সাজিয়ে রাখা প্রসাদ থেকে সুহানী একটি খাবার খেয়ে ফেলায় চরম ক্ষিপ্ত হন রিনা। এরপর শিশুটিকে বেধড়ক মারধর শুরু করেন তিনি। মারধরের একপর্যায়ে সুহানীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি নিয়ে শিশুর বাবা রাজু পাসান গণমাধ্যমকে বলেন, আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের পরিবার থেকে পূজার আনন্দ চলে গেছে। আমি আমার স্ত্রীর কঠোর বিচার চাই। তাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। বাকি সন্তানদের আমিই বড় করব। রাজু ও রিনা দম্পতির মোট তিন সন্তান রয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/