নাগরিকত্বের যোগ্য বাংলাদেশিদের শনাক্তে কর্মকর্তাদের প্রতি নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নাগরিকত্বের যোগ্য বাংলাদেশিদের শনাক্তে কর্মকর্তাদের প্রতি নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের
বনগাঁ মহকুমা কার্যালয়ে নাগরিকত্ব শুনানির আগে সিএএ আবেদনকারীদের নথিপত্র তৈরিতে সহায়তা করছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। ছবি: টেলিগ্রাফ

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ-এর অধীনে জমা পড়া প্রায় আড়াই লাখ আবেদনের কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার জোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে আমলাদের নতুন এক নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। বাংলাদেশ থেকে আসা ধর্মীয় নিপীড়নের শিকার যেসব অভিবাসী এখনো নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাদের দ্রুত চিহ্নিত করতে হবে।

সরকারিভাবে এমন মানুষের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিজেপি নেতাদের ধারণা, মূলত মতুয়া ও অন্যান্য হিন্দু উদ্বাস্তু সম্প্রদায়ের প্রায় এক লাখ যোগ্য মানুষ এখনো আবেদন প্রক্রিয়ার বাইরে রয়েছেন। ২০২৭ সালের জানুয়ারিতে ভোটার তালিকার নতুন সংশোধন শুরুর আগেই যেন যোগ্য শরণার্থীরা নাগরিকত্বের সনদ পান এবং ভোটার তালিকায় নাম তুলতে পারেন, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য প্রশাসন।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বিচারাধীন প্রায় আড়াই লাখ সিএএ আবেদনের বড় অংশই রয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী জেলাগুলোতে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, শুনানির কাজ দ্রুত শেষ করে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব যোগ্য আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিতে হবে। এ নির্দেশের পর নদিয়া, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ও জলপাইগুড়ি জেলা প্রশাসন শুনানি প্রক্রিয়ায় গতি এনেছে। তবে আবেদন না করা মানুষদের সঠিক সংখ্যা জানা না থাকায় প্রশাসনের কাজ কিছুটা জটিল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোচবিহার শহরে নমশূদ্র মতুয়া মহাসংঘের স্থানীয় শাখার এক সভায় বিষয়টি মন্ত্রী ও মতুয়া নেতা অশোক কীর্তনিয়ার নজরে আনা হয়। শরণার্থী-অধ্যুষিত এলাকাগুলোতে সচেতনতামূলক প্রচার চালানোর জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে অশোক কীর্তনিয়া বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি উত্থাপন করে একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্বের শংসাপত্র প্রদানের ব্যবস্থা করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। দুর্ভাগ্যবশত, অনেক নির্যাতিত মানুষ এখনও দ্বিধায় আছেন এবং আবেদন করেননি। ফলে, তারা ভোটার তালিকার বাইরে থেকে যাচ্ছেন এবং রাষ্ট্র-পরিচালিত কিছু সমাজকল্যাণ প্রকল্পের সুবিধাও পাচ্ছেন না। নদিয়া ও উত্তর ২৪ পরগনাতেও পরিস্থিতি একই রকম উদ্বেগজনক বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অশোক কীর্তনিয়া আরও বলেন, আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেস ও সিপিএমের একটি বিভ্রান্তিকর প্রচারণার কারণে ফলাফল নিয়ে শঙ্কিত হয়ে অনেকেই নাগরিকত্ব সনদের জন্য আবেদন করেননি। রাজ্য সরকার এ ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের সিএএ আবেদনপত্র জমা দিতে সাহায্য করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রচারণার জেরে তৈরি হওয়া বিভ্রান্তি ও ভয়ের কারণেই অনেকে আবেদন করতে দ্বিধা করছেন। এ বিষয়ে বসিরহাটের বাসিন্দা রতন কৃষ্ণ দে বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) সময় প্রয়োজনীয় নথির সংযোগ দেখাতে না পারায় তিনি ভোটাধিকার হারিয়েছিলেন এবং পরবর্তীতে সিএএ-তে আবেদন করেন।

সূত্র: টেলিগ্রাফ

/এমএকে/