ককরোচদের দমনে এবার মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ককরোচদের দমনে এবার মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’
সংগঠনটির আহ্বায়ক অয়ন ভাটনগর (বাঁয়ে)। ছবি: টাইমস অব ইন্ডিয়া

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) ঠেকাতে এবার মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’। রবিবার (১৮ অক্টোবর) দিল্লিতে আয়োজিত এক সভায় সংগঠনটি সাংবিধানিক মূল্যবোধ রক্ষা, জবাবদিহিতা ও দায়িত্বশীল নাগরিক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সিজেপি-র চলমান বিক্ষোভের তীব্র বিরোধিতাও করেছে তারা।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের মালব্য স্মৃতি ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় তরুণদের, বিশেষ করে ‘জেন জি’ প্রজন্মকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও আইনি উপায়ে গণতন্ত্র চর্চার আহ্বান জানানো হয়। একটি কীটপতঙ্গ দমনকারী ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে তৈরি দলটির মূল লক্ষ্য সিজেপি-র আন্দোলনকে কটাক্ষ করা। সভায় সংগঠনটির আহ্বায়ক অয়ন ভাটনগর ছাড়াও বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা রিচা গুপ্তা, পবন নাগপাল ও অতুল গঙ্গওয়ার। সংগঠনটির মূল মন্ত্র হলো ‘প্রথম দেশ, সংবিধানের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রই আমাদের পরিচয়’।

বার্তা সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে আহ্বায়ক অয়ন ভাটনগর বলেন, লাল হিট জনতা পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গঠিত হয়নি। আমরা সিজেপি এবং তাদের বিক্ষোভের বিরুদ্ধে। আমরা সেইসব কীটদের বিরোধিতা করি যারা দেশের গণতন্ত্রকে দুর্বল করতে চায় এবং দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে।

তিনি আরও বলেন, আমরা ছোট-বড় বিভিন্ন দলে বিভক্ত হয়ে সমবেত হব, আমাদের মতামত ও যুক্তি তুলে ধরব এবং আমাদের বার্তা এগিয়ে নিয়ে যাব। আমরা তাদের দেখিয়ে দেব, তাদের চ্যালেঞ্জ জানানোর জন্যই ‘লাল হিট জনতা পার্টি’-র মতো একটি দল এখন বিদ্যমান। আপনাদের সাহস থাকলে, আসুন এবং বিতর্কে অংশ নিন।

সংগঠনটি এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে, নির্বাচন কমিশন বা নির্বাচনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে হবে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও সাংবিধানিক নিয়মের ভিত্তিতে।

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনে অনিয়ম এবং লাখ লাখ যোগ্য ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি, বিরোধী দল ও বিভিন্ন ছাত্র সংগঠন। যদিও এসব অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএকে/