সয়াবিন তেলের বোতলে ১৫০ মিলিলিটার পর্যন্ত কম, ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সয়াবিন তেলের বোতলে ১৫০ মিলিলিটার পর্যন্ত কম, ৭৫ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জে সয়াবিন তেলের বোতলে পরিমাপে কারচুপি ও মোড়কজাতকরণে অনিয়মের দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টসকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

মুন্সীগঞ্জের সদর উপজেলায় সয়াবিন তেলের বোতলে পরিমাপে কারচুপি ও পণ্য মোড়কজাতকরণে অনিয়মের দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদরের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টসের ফর্টিফায়েড সয়াবিন তেলের বোতল পরিমাপ করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়। এর মধ্যে পাঁচ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম ছিল।

এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই প্রতিষ্ঠানটি ফর্টিফায়েড সয়াবিন তেল মোড়কজাত ও বিক্রি করছিল।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে. এম. হানিফ এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও নিম্নমানের পণ্য, পরিমাপে কম দেওয়া, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

/এমআর/