শিরোনাম

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই

নিজস্ব প্রতিবেদক
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই
ছবি: সংগৃহীত

‘চুরালিয়া হে তুমনে এ দিলকো’ গানের মতো অসংখ্য গান গেয়ে শ্রোতাদের মন হরণ করা উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে। তার বয়স হয়েছিল ৯২ বছর।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার (১১ এপ্রিল) রাতে আশা ভোসলেকে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে আসার পর এই শিল্পীকে সরাসরি নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

শনিবার সন্ধ্যায় শরীরে অস্বস্তি শুরু হয় শিল্পীর। নিজের অস্বস্তির কথা এক গৃহকর্মীকে জানিয়েছিলেন। তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে হাসপাতাল সূত্রে খবর ছড়িয়ে পড়ে।

শিল্পীর পরিবার ও অনুরাগীরা আশা করেছিলেন, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষরক্ষা হলো না। আশা ভোসলের মৃত্যুতে সঙ্গীতদুনিয়ার এক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আশা ভোসলেজি হাসপাতালে শুনে গভীরভাবে চিন্তিত। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’ শিল্পীর প্রয়াণে ভারতীয় সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

আশা ভোসলে তার দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন। বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম– ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, `দম মারো দম’, ‘ঝুমকা গিরা রে’, ‘যাব চালে ঠান্ডি হাওয়া, ‘তুমসে মিলকে’, ‘দিল তো পাগল হ্যায়’ ইত্যাদি।

/এফসি/