শিরোনাম

‘বউকে মেরে ফেলেছি, তার বাবাকে খবর দাও’

গাজীপুর সংবাদদাতা
‘বউকে মেরে ফেলেছি, তার বাবাকে খবর দাও’
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে মরদেহ রেখে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘বউকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দাও, লাশ উদ্ধার করতে।’

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মাসুদ রানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

নিহত ঝর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মো. হামিদুল ইসলামের মেয়ে। ঝর্ণা শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মাসুদ রানার বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন। স্বামীর নাম অপু আহমেদ। তিনি একজন বাসচালক।

নিহতের বাবা হামিদুল ইসলাম বলেন, দুই বছর আগে পরিবারের অমতে অপু নামের এক ছেলেকে বিয়ে করে ঝর্ণা। বিয়ের পর থেকে সে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেনি। পৌরসভার আনসার রোড এলাকায় আমি ডাব বিক্রি করি। রাত ১০টার দিকে পাশের এক দোকানদার জানান, আপনার মেয়ে ঝর্ণা মারা গেছে। খবর শুনে দৌড়ে ভাড়া বাড়িতে আসি। এসে দেখি আশপাশের লোকজন বাড়িতে জড়ো হয়েছে। ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে ঝর্ণাকে হত্যা করা হয়েছে। স্বামী পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/