শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার তাগিদ ইসহাক দারের

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার তাগিদ ইসহাক দারের
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে হাত মেলান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার তাগিদ দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদে দীর্ঘ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার প্রেক্ষাপটে রবিবার (১২ এপ্রিল) তিনি উভয়পক্ষের উদ্দেশে এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন ও মধ্যস্থতা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বজায় রাখা এখন অত্যন্ত জরুরি।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপের পথ প্রশস্ত করতে পাকিস্তান কাজ করে যাচ্ছে এবং আগামী দিনগুলোতেও এই সহযোগিতামূলক ভূমিকা অব্যাহত রাখবে।

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল রবিবার সকালে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তসমূহ ইরানের পক্ষ থেকে গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা সামরিক অভিযানে অর্জন করতে পারেনি। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরান থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়ার বিষয়টি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে তেহরানও পাল্টা হামলা চালায়। এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র জানিয়েছিল, আলোচনা চলাকালে তারা ইসরায়েলের সঙ্গে মিলে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে।

/এফসি/