শিরোনাম

রংপুরে ডিজেল সংকট: সেচের অভাবে ধান খেত ফেটে চৌচির

রংপুর সংবাদদাতা
রংপুরে ডিজেল সংকট: সেচের অভাবে ধান খেত ফেটে চৌচির

রংপুরে জ্বালানি সংকটে কৃষিতে বিপর্যয় দেখা দিয়েছে। ডিজেলের অভাবে প্রায় বন্ধ হওয়ার পথে সেচ পাম্পগুলো। বোরো ধান খেত ফেটে চৌচির। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

জমিতে সময় মতো সেচ দিতে না পারলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। সংকট কাটাতে দ্রুত ডিজেল সরবরাহ বাড়ানোর কথা বলেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, দ্রুত ডিজেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।

শনিবার গংগচড়া উপজেলার বিভিন্ন মাঠে দেখা গেছে, ডিজেলের অভাবে অধিকাংশ সেচ পাম্প বন্ধ রয়েছে। সময় মতো জমিতে পানি দেওয়া যাচ্ছে না। এতে ফসল নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকরা বলছেন, বোরো ধানের জমিতে নিয়মিত সেচ জরুরি। ডিজেল না থাকায় জমি শুকিয়ে যাচ্ছে। ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না তারা। অনেক ক্ষেত্রে দুই-তিন লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না; যা দিয়ে কয়েক ঘণ্টাও সেচ চালানো সম্ভব নয়।

গংগাচড়া উপজেলার কৃষক আব্দুল আলী বলেন, বোতল নিয়ে তেল নিতে গেলে পাম্পের ম্যানেজার বলেন, বোতলে হবে না, শ্যালো মেশিন নিয়ে আসেন, তারপর তেল দেওয়া হবে।

কৃষি বিভাগ জানায়, রংপুর অঞ্চলের বেশিরভাগ সেচ ব্যবস্থা ডিজেল নির্ভর। কিন্তু বর্তমান সংকটে সেচ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এবারে এ জেলায় এক লাখ ৩২ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ক্ষেত মজুর পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু গণমাধ্যমকে বলেন, সরকারের মনিটরিংয়ের অভাবে ডিজেলের সংকট দেখা দিয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী ডিজেলের সংকট দেখাচ্ছে।

/এসআর/