শিরোনাম

মব থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি

সিটিজেন ডেস্ক
মব থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি
লোগো। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাজারে হামলা চালিয়ে পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে দাবি জানিয়েছে দলটি। সরকার মব থামাতে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ দলটির।

শনিবার (১২ এপ্রিল) রাতে এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, ধর্ম অবমাননা কিংবা এ ধরনের সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি কর্তৃপক্ষ হচ্ছে আদালত। 'মব-সহিংসতা' করে যারা অগ্নিসংযোগ ও হত্যা করেছে, তারা একটি গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এই হামলার উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং হামলার সঙ্গে জড়িতদের যথাযথভাবে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ‘মব-সহিংসতা’ স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ব্যতীত সম্ভব নয়। গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও রাজনৈতিক শক্তির ছত্রছায়া দেখা গেছে। সংবাদমাধ্যম মারফত জানা গেছে, শনিবার সকাল থেকেই হঠাৎ করে নিহত পীর শামীম রেজা জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তাকে কোরআন শরীফ নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরের দিকে মাজারে হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনার পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় প্রত্যাশিত সতর্কতা অবলম্বন ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

এতে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও 'প্রকৃত মব' থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকার-সমর্থিত পক্ষ 'মব' করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত দুইজন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করে। একদিকে সরকার 'মব কালচার' শেষ করার ঘোষণা দিয়ে সরকার-সমর্থিত 'মব'কে প্রশ্রয় দিচ্ছে, অন্যদিকে 'মব কালচার' পরিভাষাটিকে সরকারি দলের নেতাকর্মীরা রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, সরকার একের পর এক নিজ নির্বাচনী ইশতেহার ভঙ্গ করেই যাচ্ছে। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ে মুখপাত্রের ভূমিকা পালন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

/এসআর/

বিষয়:

এনসিপিমব