দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী
দীপাবলিতে কর্মীদের বোনাস দিচ্ছেন বস্ত্র ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে

ভারতের গুজরাটের সুরাটে দীপাবলি উপলক্ষে নিজের প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এক লাখ রুপির বেশি করে নগদ বোনাস দিয়েছেন এক ব্যবসায়ী।

রবিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানের ২০ কর্মীর প্রত্যেককে এক লাখ রুপির বেশি নগদ অর্থ উপহার দিয়েছেন রামস্বরূপ মুন্ডে নামে এক বস্ত্র ব্যবসায়ী। তাএ বোনাস দেওয়ার আয়োজনেও ছিল ভিন্নতা। সাধারণ খামে টাকা না দিয়ে রুপালি রঙের পূজার থালায় সাজিয়ে রাখা হয় নতুন নোটের বান্ডিল। ১০ থেকে ৫০০ রুপির নোট দিয়ে সাজানো এসব থালা কর্মীদের হাতে তুলে দেন তাদের স্ত্রীরা। এমন ব্যতিক্রমী আয়োজনে কর্মীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়।

রামস্বরূপ মুন্ডে বলেন, আমি আমার প্রতিষ্ঠানের কর্মীদের শুধু শ্রমিক হিসেবে দেখি না। তাদের নিজের পরিবারের অংশ মনে করি। দীপাবলিতে কর্মীরা যেন পরিবারের সঙ্গে আর্থিক দুশ্চিন্তামুক্ত হয়ে উৎসব উদ্যাপন করতে পারেন, সেটিই ছিল আমার উদ্দেশ্য।

অনুষ্ঠানের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকে এমন উদার মালিকের অধীনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

একজন মন্তব্য করেছেন, নিজের পরিবারের মতো কর্মীদের পরিবারকেও উৎসবের আনন্দে শামিল করার মানসিকতাই একজন মানুষকে প্রকৃত অর্থে ধনী করে তোলে।

আরেকজন লিখেছেন, প্রত্যেক কর্মীর এমন একজন মালিক পাওয়া উচিত। কেউ কেউ আবার ওই প্রতিষ্ঠানে চাকরির আবেদন কীভাবে করা যায়, তা নিয়েও মজা করেছেন।

/এসবি/