বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী

সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ‘অসতর্ক’ হলেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়বে।

রবিবার (৮ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্ত এলাকা ঘুরে সাংবাদিকদের এসব কথা বলেন শুভেন্দু। হিঙ্গলগঞ্জ সীমান্তের অপর পাশে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা অবস্থিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো বিএসএফের সঙ্গে দিওয়ালি কাটান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হোলিপ্যাডে নেমে সড়কপথে প্রথমে বিএসএফ ক্যাম্পে যান তিনি। এ সময় বিএসএফের স্পিডবোটে চেপে ইছামতি নদীতে ঘোরেন শুভেন্দু।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দূরবীন দিয়ে এলাকাটি পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশি সীমান্তে আপাতদৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না। তবে তারা ওত পেতে আছে; বিএসএফের নজর এড়ানোর সুযোগ পেলেই তারা সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করবে।’

পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও অভেদ্য করা হবে। বিএসএফ এবং পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লক্ষ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেব না। তাদের সবাইকে খুঁজে বের করা হবে। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব। তাদের কাছে অনুপ্রবেশকারীর সঠিক সংখ্যা রয়েছে বলেও জানান শুভেন্দু।

তিন আরও বলেন, দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য কাজের’ স্বীকৃতি হিসেবে আগামী বছর থেকে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের নতুন রাজ্য সম্মাননা চালু হচ্ছে। এর নাম ‘সীমামিত্র সম্মান’। কারা এই সম্মান পাবেন, তা ঠিক করবে নির্বাচক কমিটি।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/