আমার অভিবাসন নীতি হয়তো বেশি কঠোর ছিল: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আমার অভিবাসন নীতি হয়তো বেশি কঠোর ছিল: ট্রাম্প

এক দশক বা তারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা মানুষদের ওপর অভিবাসন আইনের প্রয়োগ হয়তো বেশি কঠোর হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তার প্রশাসনের এ অবস্থান তুলে ধরেন।

দুটি নির্বাচনে দক্ষিণ টেক্সাসসহ ল্যাটিনো-অধ্যুষিত এলাকাগুলোতে রিপাবলিকান পার্টির যে জোয়ার দেখা গিয়েছিল, এবার তা অনেকটাই ভাটা পড়েছে। ভোটের এমন উল্টো ফলের পেছনে ডোনাল্ড ট্রাম্পের কট্টর অভিবাসন দমন নীতিকেই মূলত দায়ী করছেন স্থানীয় ভোটাররা।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার এ কঠোর অবস্থান নির্বাচনে তাকে একই সঙ্গে সাহায্য ও ক্ষতি করেছে। তার মতে, সীমান্ত বন্ধ করার জন্য তিনি এ+ পেয়েছেন, এবং দুষ্কৃতকারীদের বের করে দেওয়ার জন্য খুব ভালো নম্বর পেয়েছেন। প্রশাসনের সিদ্ধান্তগুলো বাস্তবে প্রয়োগ করা কঠিন ছিল বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি যোগ করেন, অনেকে বলবেন এটা দারুণ, কিন্তু অনেকে মনে করেন এটা বেশ কঠিন।

আগামী বছর থেকে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, অভিবাসন ইস্যুতে তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ করতে ইচ্ছুক। তবে হোয়াইট হাউস তাদের কঠোর নীতিতে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটবে কিনা, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে ট্রাম্প তার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে স্টিফেন মিলারকে দায়িত্ব দিয়েছেন। মিলার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রধান রূপকার এবং একজন কট্টরপন্থী হিসেবেই পরিচিত।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল বাইডেন প্রশাসনের অভিবাসন নীতির ওপর জনগণের ক্ষোভ, বিশেষ করে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ। ট্রাম্প ক্ষমতায় আসার পর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার নাটকীয়ভাবে কমে এসেছে। তবে একই সময়ে দেশের ভেতরে কেন্দ্রীয় সংস্থাগুলোর অভিযান ব্যাপক হারে বেড়ে গেছে, যার ফলে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই)-এর হেফাজতে আটকের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। জানা গেছে, গত বছর মিলার নিজেই সংস্থাটিকে দিনে অন্তত ৩ হাজার মানুষকে গ্রেপ্তার করার লক্ষ্য বেঁধে দিয়েছিলেন।

রিপাবলিকানদের ভেতর থেকেও এ নীতির বিরোধিতা শুরু হয়েছে। দক্ষিণ ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার সেপ্টেম্বরে বলেছিলেন, ২০২৪ সালে যে হিস্পানিক ভোটাররা ট্রাম্পকে সমর্থন করেছিলেন, তাদের একটি বড় অংশ এখন বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে মনে করছেন।

প্রায় ৫৮ শতাংশ ভোটার মনে করেন অভিবাসন বাস্তবায়নে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ছিল প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কঠোর। তবে এ ক্ষোভ থাকা সত্ত্বেও, অভিবাসন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে ডেমোক্র্যাটদের (৪১%) চেয়ে রিপাবলিকানদের (৪৩%) ওপরই ভোটারদের ভরসা এখনও বেশি।

সূত্র: সিবিএস নিউজ

/এমএকে/