বল টেম্পারিং কাণ্ডে খাজার দাবিকে সমর্থন ওয়ার্নারের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বল টেম্পারিং কাণ্ডে খাজার দাবিকে সমর্থন ওয়ার্নারের
ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনা অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন বলে দাবি করেছেন উসমান খাজা। সেই দাবিকে সঠিক বলে সমর্থন জানালেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারের মতে খাজা যা বলেছেন, তা পুরোপুরি সত্য।

২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। তবে খাজার সাম্প্রতিক দাবি, সেই ঘটনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন।

অবশ্য তার এই বক্তব্য ২০২১ সালে অস্ট্রেলিয়ার চার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের দেওয়া যৌথ বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। ওই বিবৃতিতে তারা বলেছিলেন, বল বিকৃতির বিষয়ে আগে থেকে তাদের ধারণা ছিল না।

নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে খাজার পাশে দাঁড়ান ওয়ার্নার। সত্য প্রকাশ্যে আনার জন্য ধন্যবাদও জানান তিনি।

ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘খাজা, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তুমি যা করেছো, তার জন্য ধন্যবাদ। তুমি যা বলেছো, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে, বিষয়টি প্রকাশ্যে এসেছে।’

পুরোনো এই ঘটনা আবার সামনে আসায় নিজের পরিবার ছাড়াও স্মিথ ও ব্যানক্রফটের পরিবারের জন্য সময়টা কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন ওয়ার্নার।

/টিই/