শিরোনাম

মাকে নিয়ে ঘুরতে গেলে ৩ দিনের ছুটি, মিলবে ভাতা

সিটিজেন ডেস্ক
মাকে নিয়ে ঘুরতে গেলে ৩ দিনের ছুটি, মিলবে ভাতা
ছবি: সংগৃহীত

মা দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে- যেসব কর্মী মাকে নিয়ে ঘুরতে যাবেন, তারা তিন দিনের বেতনসহ ছুটি পাবেন। একই সঙ্গে ভাতা হিসেবে পাবেন অতিরিক্ত ১০ হাজার রুপি।

শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিভিত্তিক এক উদ্যোক্তা এ ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে মার্কেটিং ও পিআর প্রতিষ্ঠানের সিইও রজত গ্রোভার বলেন, আমি চাই চান আমার কর্মীরা বাবা-মায়ের সঙ্গে কিছু সময় কাটাক এবং তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করুক। আধুনিক জীবনের ব্যস্ততায় সন্তানরা অনেক সময় বাবা-মায়ের অপূর্ণ ইচ্ছা ও স্বপ্নের কথা ভুলে যায়। অনেক সময় আমরা তাদের কিছু জিজ্ঞেসই করি না। আমরা নিজেদের ব্যস্ত জীবনে ডুবে থাকি। সকালে বের হই, রাতে বাসায় ফিরি। কখনো তাদের কিছু জানতে চাই না। অনেক সময় জানলেও কিছু বলি না। এমনকি তাদের স্বাস্থ্যের খবরও ঠিকমতো রাখি না।

ভিডিওতে তিনি কর্মীদের জন্য তিন দিনের ছুটির ঘোষণা দেন এবং বাবা-মায়ের প্রিয় খাবার কী কিংবা তারা কোথায় ঘুরতে যেতে চান, সেটা জানতে অনুরোধ করেন।

গ্রোভার বলেন, আপনার বাবা-মাকে জিজ্ঞেস করুন, টিকিট বুক করুন, তিন দিনের জন্য ব্যাগ গুছিয়ে ফেলুন। এটি কোম্পানির পক্ষ থেকে বেতনসহ ছুটি হবে। এ জন্য আমরা ১০ হাজার রুপি করে ভাতা দেব। এটি আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উদ্যোগ।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, আমরা প্রায়ই সেই মানুষগুলোর কাছে ‘একদিন’ বলি, যারা পুরো জীবন আমাদের জন্য ‘হ্যাঁ’ বলে গেছে। কোনো ধরনের প্রত্যাশা ছাড়াই আমাদের বাবা-মা তাদের সময়, স্বপ্ন, শক্তি আর জীবনের অনেক বছর আমাদের জন্য উৎসর্গ করেছেন।

/এসবি/