তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিলো না ভারত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিলো না ভারত
মুসাদ্দিক মালিক ও তাজমহল

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভায় যোগ দিতে গিয়ে রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। ভারত সফরে তিনি তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু এসসিওর অনুষ্ঠান ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার। যদিও নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে তাজমহল পরিদর্শনের সম্ভাবনা এখনো রয়েছে, তবে তিনি নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের জন্য ছাড়পত্র পাননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই মন্ত্রী আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন, কিন্তু ভারত সরকার এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কর্মসূচির জন্য অনুমতি দেয়নি। তাকে বলা হয়েছে, এখানে সফরের সময় তিনি শুধু এসসিওর অনুষ্ঠানেই যোগ দিতে পারবেন, অন্য কোথাও যেতে পারবেন না।

রাজধানীর ঐতিহাসিক পুরানা কিল্লায় ২০ থেকে ২২ নভেম্বর প্রথমবারের মতো এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতেই দিল্লি গেছেন মুসাদ্দিক মালিক।

২০২৩ সালে গোয়ায় এসসিওর বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন। এছাড়া ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর এই প্রথম পাকিস্তানের কোনো নেতার ভারত সফর এটি।

ভারত গত ২৮ অক্টোবর ঘোষণা করেছিল যে, প্রচলিত প্রথা অনুযায়ী পাকিস্তানসহ এসসিওর সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান সরকার পরে মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।

এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, ‘পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিওর কাঠামোর মধ্যে সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ।’

এদিকে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য বিরোধী দলের তোপের মুখে পড়েছে বিজেপি সরকার। তারা প্রশ্ন তুলেছেন, পেহেলগামের পর এমন কী পরিবর্তন হয়েছে যার জন্য প্রতিবেশী দেশটির প্রতি নীতি পরিবর্তনের প্রয়োজন পড়ল। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়ে মুসাদ্দিক মালিকের আক্রমণাত্মক মন্তব্যের কথাও বিরোধীরা তুলে ধরেছে।

২০০১ সালে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতিদের দ্বারা এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৭ সালে এতে যোগ দেয় ভারত ও পাকিস্তান। ২০২৩ সালে ইরানও এর সদস্য হয়।

২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধান পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া পরবর্তী এসসিও রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকের প্রস্তুতিমূলক সভায় যোগ দিতে গত মাসে ভারতের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/