ভারতকে আটকাতে চীন-পাকিস্তানের নতুন ছক: মার্কিন রিপোর্ট

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভারতকে আটকাতে চীন-পাকিস্তানের নতুন ছক: মার্কিন রিপোর্ট
চীন পাকিস্তানের পতাকা

ভারতের উত্থান ঠেকাতে সীমান্তে সামরিক চাপ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক ও শিল্প সরবরাহেও কড়াকড়ি আরোপ করছে চীন। আর এ কৌশলের অংশ হিসেবেই ইসলামাবাদের সঙ্গে বেইজিংয়ের সামরিক ঘনিষ্ঠতা দ্রুত বাড়ছে। মার্কিন কংগ্রেসের একটি কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে এমন সতর্কবার্তাই উঠে এসেছে।

মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিত্র জোটের বাইরে একমাত্র ভারতই এমন একটি শক্তি, যাদের চীনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখা এবং চীনের বিকল্প হিসেবে বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে একটি শক্তিশালী ভারত যুক্তরাষ্ট্রের জন্য বেশ জরুরি। তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, চীন বিষয়টি বোঝে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের উত্থানকে দমন করতে সক্রিয়ভাবে কাজ করছে।

মার্কিন প্যানেলের মতে, ভারতকে চাপে রাখতে চীন সবচেয়ে ধারালো অস্ত্র হিসেবে অর্থনীতিকে ব্যবহার করছে। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও কারিগরি দক্ষতায় নিজেদের নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে বেইজিং এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নয়াদিল্লি বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তুলতে না পারে। এমনকি অর্থনৈতিক চাপ তৈরির জন্য ভারতে প্রয়োজনীয় কাঁচামাল রপ্তানিও সীমিত করে দিয়েছে দেশটি।

গত বছরের ‘অপারেশন সিন্ধুর’- এর প্রসঙ্গ টেনে প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্রমবর্ধমান শক্তি এবং পাকিস্তানের প্রতি তার দীর্ঘদিনের সমর্থন একটি সমন্বিত দ্বিমুখী হুমকির বিষয়ে ভারতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। গত বছরের মে মাসের সংঘাত স্পষ্ট করেছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও সংকটের সময় পাকিস্তানকে কীভাবে সামরিকভাবে শক্তিশালী করতে পারে বেইজিং। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার জেরে ভারত ‘অপারেশন সিন্ধুর’ চালিয়েছিল। চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করে, ওই অভিযানের সময় তারা পাকিস্তানকে ঘটনাস্থলে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল।

এছাড়া ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টাকেও ভারতের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিকল্প কোনো বড় অর্থনৈতিক উৎস না থাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলো অবকাঠামো উন্নয়নে চীনের দিকে ঝুঁকছে, যা এ অঞ্চলে ভারতের অবস্থানকে দুর্বল করে দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চীনের এই আঞ্চলিক চাপ মোকাবিলায় কংগ্রেসের কাছে বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে ভারত মহাসাগরে নজরদারি বাড়াতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও সেনাবাহিনীকে ভারতের সঙ্গে মিলে কাজ করার আহ্বান জানানো হয়েছে। শুধু নিয়মিত সামরিক মহড়ায় সীমাবদ্ধ না থেকে চীনের নৌ ও সাবমেরিন চলাচল পর্যবেক্ষণে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ অভিযান পরিচালনার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা, সরকার, ব্যবসা ও শিক্ষা খাতের ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে একটি ‘ভারত-মার্কিন কৌশলগত নেতৃত্ব বিনিময় কর্মসূচি’ চালুর সুপারিশ করেছে প্যানেলটি।

সূত্র: এনডিটিভি

/এমএকে/