শিরোনাম

মুম্বাইয়ে পাহাড়ধসে নিহত ৬, উদ্ধার অভিযান অব্যাহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মুম্বাইয়ে পাহাড়ধসে নিহত ৬, উদ্ধার অভিযান অব্যাহত
মুম্বাইয়ে পাহাড়ধসের পর ইদ্ধার অভিযান চলছে। ছবি: এনডিটিভি

মুম্বাইয়ের কুরলা ও ঘাটকোপার সংলগ্ন চিরাগ নগরের গাউসিয়া চাউল এলাকায় বুধবার (১২ আগস্ট) পাহাড়ধসে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে এখনও একাধিক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৪৮ মিনিটে পাহাড়ের বিশাল একটি অংশ হঠাৎ টিলার নিচের বাড়িগুলোর ওপর ভেঙে পড়ে। ঘটনার পরপরই প্রাণপণ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) যৌথ দল। ধ্বংসাবশেষের নিচে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের শনাক্তকারী ক্যামেরা। জীবিতদের দ্রুত উদ্ধার করতে উদ্ধারকারীরা কাজ করে যাচ্ছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাত পাওয়া ১৮ বছর বয়সী সোহেল আনসারি এবং পিঠে আঘাত পাওয়া ১৪ বছর বয়সী মোহাম্মদ আনসারি বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ইতোমধ্যে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার গণেশ শিন্দে জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও তিন থেকে চারজন মানুষ আটকে থাকতে পারেন।

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​করপোরেশন (বিএমসি) এর মেয়র ঋতু তাওড়ে এবং অতিরিক্ত পৌর কমিশনার অবিনাশ ঢাকনে। শোকগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মেয়র নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। পুরো ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে ঘাটকোপার থানা পুলিশ আইনি তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/