শিরোনাম

ভারতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বারামতি বিমানঘাঁটির কাছে অবতরণের সময় দুর্ঘটনার শিকার একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ বিমান। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের মহারাষ্ট্রে পুনে জেলার বারামতি বিমানঘাঁটিতে আবারও জরুরি অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে অবতরণের সময় একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান আচমকা রানওয়েতে পিছলে গিয়ে বড় ধরনের বিপত্তির মুখে পড়ে। তবে স্বস্তির খবর হলো, বিমানে থাকা দুই আরোহীর কেউই মারাত্মক আহত হননি।

দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল কার্ভার এভিয়েশনের মালিকানাধীন একটি সেসনা ১৭২ মডেলের হালকা বিমান (ভিটি এসইএক্স)। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুনের পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানান, অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। আকাশে থাকা অবস্থায় যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিয়েছিল নাকি অন্য কোনো চালনাগত সমস্যা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারণ জানা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বারামতি বিমানঘাঁটি ঘিরে এমন দুর্ঘটনা এখন এক আতঙ্কের নাম। মাত্র সাত মাস আগেই একই রানওয়েতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান এনসিপির তৎকালীন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ভিএসআর ভেঞ্চারসের মালিকানাধীন একটি লিয়ারজেট ৪৫ বিমানে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় সেই দুর্ঘটনা ঘটে। তাতে অজিত পাওয়ারের পাশাপাশি তার নিরাপত্তা কর্মকর্তা, একজন অ্যাটেনডেন্ট এবং দুই পাইলট সুমিত কাপুর ও ফার্স্ট অফিসার শম্ভবী পাঠক নিহত হন। সেই ভয়াবহ দুর্ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আগামী বছরের জানুয়ারিতে জমা দেওয়ার কথা রয়েছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি)।

একই বিমানঘাঁটি সংলগ্ন এলাকায় ১৩ মে সকাল ৮টা ৫০ মিনিটেও আরেকটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছিল। গোজুবাভি গ্রামের কাছে রেডবার্ড ফ্লাইট ট্রেনিং একাডেমির ওই বিমানটি বেশ নিচু দিয়ে ওড়ার সময় যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে এবং একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে। তবে সে যাত্রায়ও প্রশিক্ষণার্থী পাইলট অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছিলেন। পর পর কয়েক মাসের ব্যবধানে একই বিমানঘাঁটিতে বারবার প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষানবিশ পাইলটদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/