বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
আন্দোলনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ভারতেও নেপাল-বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেস ও জেন-জিদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র টানা বিক্ষোভের মুখেই এ দাবি তোলে বিজেপি।

বুধবার (৭ অক্টোবর) ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচির একাধিক ভিডিও ক্লিপ সামনে এনে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি দাবি করেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস কর্মীরা যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন, তাতেই তাদের আসল উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। এক বিশেষ ভিডিও বার্তায় প্রদীপ ভাণ্ডারি বলেন, ‘কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতি তৈরি করা।’

দিল্লির রাজপথে বিক্ষোভে সহিংসতার অভিযোগে পুলিশ ইতোমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলনের ডাক দিয়েছিল ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। দিল্লি পুলিশ সেই কর্মসূচির অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠনটি। আদালত শুক্রবার (৯ অক্টোবর) এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।

দিল্লির বাইরে দক্ষিণ ভারতেও ছড়িয়ে পড়েছে আন্দোলনের উত্তাপ। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত অনিয়ম নিয়ে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনালে’ উপস্থিত ছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। সেখান থেকে ‘জুতো প্রদর্শন’ নামে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সিজেপি নেতা অভিজিৎ দিপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘গণহত্যা ও ভোট চুরির’ অভিযোগ তুলেছেন। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

ট্রাইব্যুনালে দাঁড়িয়ে প্রথমবারের মতো কোনো আন্দোলনে শামিল হওয়া ধ্রুব রাঠী বলেন, ‘গতকাল যখন নামলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে যে ধ্রুব রাঠী সরকার পরিবর্তন করতে আসছে। নরেন্দ্র মোদি হয়তো ভাবছেন আমার সমস্যা কেবল তাকে নিয়ে কিন্তু সত্যি হলো পুরো দেশেরই তাকে নিয়ে সমস্যা রয়েছে।’

সূত্র: পিটিআই

/এমএকে/