ভারতে আবারও বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতে আবারও বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
বিক্ষোভ কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: দ্য গার্ডিয়ান

ভারতে লাখ লাখ নাগরিককে অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, নির্বাচন ব্যবস্থা ও ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে নতুন আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

শুক্রবার (২ অক্টোবর) মুম্বাইয়ের শিবাজি পার্কে সিজেপির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন। পুলিশের অনুমতি না থাকলেও সেখানে সমর্থকরা জমায়েত হয়। বিক্ষোভ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে আপত্তি জানানো হয়।

বিক্ষোভ শেষে সামাজিকমাধ্যমে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দীপকে। তিনি বলেন, ১০ অক্টোবরের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা দিল্লির উদ্দেশে যাত্রা করবেন। পরে যন্তর মন্তরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

দিল্লি যাওয়ার পথে পুলিশ তাদের বাধা দিলে যেখানেই আটকানো হবে, সেখানেই আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সিজেপির প্রতিষ্ঠাতা। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের নীতি অনুসরণ করে পরিচালিত হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২ অক্টোবর দিল্লিতেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। তবে যন্তর মন্তরের কাছে অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে ৭ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতীশী, সিপিএম নেত্রী বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টির কয়েকজন নেতাও ছিলেন।

শুক্রবার বিকালে মুম্বাইয়ে কড়া পুলিশি পাহারার মধ্যে শত শত মানুষ সমবেত হন। যাদের মধ্যে অনেক তরুণ-তরুণীও ছিলেন। যারা বলেন, তারা ভারতের গণতন্ত্রের জন্য লড়াই করতে এসেছেন। সেখানে অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরউদ্দিন শাহ, গায়ক বিশাল দাদলানিসহ কয়েকজন শোবিজ তারকা উপস্থিত ছিলেন। শিবাজি পার্কের ওই সমাবেশে দীপকে আন্দোলন আরও বিস্তৃত করার ঘোষণা দেন।

ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের অনিয়ম নিয়ে সিজেপির অবস্থানকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, ইন্ডিয়ান এক্সপ্রেস

/জেএইচ/