শিরোনাম

প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত মোদির: ককরোচ নেতা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত মোদির: ককরোচ নেতা
অভিজিৎ দীপকে ও নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে একজন ইনফ্লুয়েন্সার হওয়া উচিত। সম্প্রতি প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তরুণদের উদ্দেশে দেওয়া বার্তার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে তার নিজ শহরে সাংবাদিকদের দীপকে বলেন, ‘আমার মনে হয় উনার (প্রধানমন্ত্রী মোদীর) একজন ইনফ্লুয়েন্সার হওয়া উচিত। তিনি এই কাজে খুব ভালো করছেন।’

প্রধানমন্ত্রীর কাজটা অন্য কাউকে করতে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার প্রধান বিরোধীদল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, শুধু সোশ্যাল মিডিয়ার ভিডিও দিয়ে তরুণ ভোটারদের মন জয় করা যাবে না। তিনি সংসদে বলেন, ‘নতুন নতুন দৃষ্টিকোণ থেকে ভিডিও বানিয়ে আপনি জেন ​​জি-র সমর্থন পাবেন না। প্রধানমন্ত্রীকে তার হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, ক্যামেরার অ্যাঙ্গেল নয়।’

ভারতের লোকসভায় সদ্য পাস হওয়া প্রশ্নফাঁস বিরোধী বিল প্রসঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, সদিচ্ছা ও সঠিক বাস্তবায়ন ছাড়া শুধু আইন করে সমস্যার সমাধান হবে না।

অভিজিৎ আরও অভিযোগ করেন, প্রশ্নফাঁস মামলার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফাস্ট-ট্র্যাক কোর্টের প্রথম শুনানিতেই সিবিআই আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বাস্তবায়নকারীরা সৎ না হলে এসব আইনের কোনো অর্থ নেই।

প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২০ জুলাই সিজেপির পদযাত্রার জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয় এবং মামলা দেওয়া হয়। পরবর্তীতে এফআইআর প্রত্যাহারের সরকারি আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও, সিজেপির অভিযোগ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রেখেছে।

দীপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে আরও বৃহৎ আন্দোলন হবে।’

তিনি সতর্ক করে বলেন, প্রতিটি শিক্ষার্থীর পরিবারে অন্তত চারটি করে ভোট রয়েছে, তাই আঘাতের বদলা শিক্ষার্থীরা ব্যালটেই দেবে। এছাড়া বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত জেন-জিকে প্রজন্মকে কটাক্ষ করলেও, কঙ্গনাকে ‘পার্ট-টাইম’ রাজনীতিক আখ্যা দিয়ে তার মন্তব্যের জবাব দেওয়া নিষ্প্রয়োজন বলে এড়িয়ে যান সিজেপির প্রতিষ্ঠাতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/