হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নে যা জানালো ভারত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্নে যা জানালো ভারত
সংবাদ সম্মেলনে কথা বলছেন রণধীর জয়সওয়াল

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ নিয়ে নতুন কোনো মন্তব্য করেনি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন, বাংলাদেশের পাঠানো চিঠি পাওয়ার বিষয়টি আগেই জানানো হয়েছে। এর বাইরে এ মুহূর্তে বলার মতো নতুন কিছু নেই।

শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের দাবি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি বলে মনে করছে ভারত। এ ছাড়া দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীও ওই দাবি গ্রহণ না করার কয়েকটি কারণ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে প্রতিবেদনটির কোনো ব্যাখ্যা দেননি জয়সাওয়াল।

ব্রিফিংয়ে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ হওয়া নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন বলে ভারত আগেই জানিয়েছে। তাদের বিচারপ্রক্রিয়া ন্যায্য হবে।

এদিকে তুরস্কের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ সামরিক ট্যাংক কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রকাশিত খবর নিয়েও প্রশ্ন ওঠে। বাংলাদেশের এ সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কি না, জানতে চাইলে জয়সাওয়াল বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো ভারত সব সময় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এ প্রসঙ্গে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের সময় দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করেন। ওই বক্তব্যে ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় বলে জানানো হয়েছিল।

জয়সাওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং দুই দেশের সংবেদনশীলতা, উদ্বেগ ও স্বার্থের প্রতি গুরুত্ব দিয়েই এ সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। দুই দেশের জনগণের কল্যাণই দ্বিপক্ষীয় সম্পর্কের মূল লক্ষ্য।

ব্রিফিংয়ে দুই দেশে আটক জেলেদের মুক্তির বিষয়েও জানতে চাওয়া হয়। জবাবে জানানো হয়, ৫ জানুয়ারি ৯৫ জন ভারতীয় ও ৯০ জন বাংলাদেশি জেলেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের আটক ও দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন করা হয়। জয়সাওয়াল বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা ব্যক্তিদের শনাক্ত করে ফেরত পাঠানো নিরাপত্তারক্ষীদের দায়িত্ব। তাঁরা সেই দায়িত্ব পালন করছেন।

/এমআর/