ভারতের কাশ্মিরে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, আহত ৩

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ভারতের কাশ্মিরে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, আহত ৩
হামলার পর টহল জোরদার করে সিআরপিএফ

ভারতের জম্মু ও কাশ্মিরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

রাজ্যটির কুলগাম জেলার মির বাজারের কাছে আখরান এলাকায় সিআরপিএফের ক্যাম্পটি অবস্থিত। দুপুরের দিকে হঠাৎ মোটরসাইকেলে চড়ে এসে হামলাকারীরা ক্যাম্প লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার পর সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র ১৫ সেকেন্ডের ব্যবধানে প্রায় ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এর ঠিক পরের এক মিনিটে আরও প্রায় ১২ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এমনকি ক্যামেরার ফ্রেমে ছোট পাথর বা বিস্ফোরণের টুকরো ছিটকে পড়তে দেখা গেছে।

সিসিটিভি ভিডিওর শুরুতে দেখা যায়, দোকানের সামনে অলস সময় কাটাচ্ছেন এক সিআরপিএফ সদস্য। ঠিক তখনই তার ডানপাশ থেকে হামলা শুরু হয়। এরপর অন্য এক সদস্য দৌড়ে সামনে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। একটু পরই দুজনকে মেশিনগান হাতে গুলির শব্দের উৎসের দিকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে দেখা যায়। সিআরপিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে এ হামলা চালানো হয়। অতর্কিত গুলি চালিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে। পরে আহত নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে অনন্তনাগ জেলার একটি হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহত তিন নিরাপত্তাকর্মী হলেন রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু ও সোমবীর সিং। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। গুলিতে রাকেশ বাঁ পায়ে, সন্তোষ পেট ও মেরুদণ্ডে এবং সোমবীরের বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও কুলগামে উপস্থিত ছিলেন। তবে সৌভাগ্যবশত তিনি হামলার ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি সাঁজোয়া যান নিয়ে ব্যাপক তল্লাশি ও কড়াকড়ি শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/