এবার অতিরিক্ত মদ্যপানে এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এবার অতিরিক্ত মদ্যপানে এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
এয়ার ইন্ডিয়ার একটি বিমান

উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত মদ্যপানের দায়ে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে বরখাস্ত করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। দিল্লিগামী একটি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল ওই পাইলটের, কিন্তু তার আগেই তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের সন্দেহ হয় যে ওই পাইলটের শরীর থেকে অ্যালকোহলের গন্ধ আসছে। দেরি না করে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান। এরপর ফ্লাইট ছাড়ার আগে পাইলটের ব্রেথ অ্যানালাইজার ও সোব্রিয়েটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় অতিরিক্ত মদ্যপানের কারণে তার শরীরে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি থাকার প্রমাণ মেলে। এরপরই তাকে ফ্লাইট পরিচালনা থেকে পুরোপুরি বিরত রাখা হয়।

সুইজারল্যান্ডের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা দেশটির আইন অনুযায়ী সঙ্গে সঙ্গে পাইলটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। একই সঙ্গে বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে অবহিত করা হয়। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে ডিজিসিএ। তারা এয়ার ইন্ডিয়াকে বিমান চলাচলের নিরাপত্তাবিধি ও সার্বিক ব্যবস্থা আরও কঠোরভাবে নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং বিমান চলাচলের বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংস্থাটি কোনো ধরনের আপস করে না। জুরিখের ঘটনাতেও ঠিক একই নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে তারা।

এর আগে ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের এক পাইলট গাঁজা পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। সেই ঘটনা নিয়ে আলোচনা থিতিয়ে আসার আগেই জুরিখে অতিরিক্ত মদ্যপানের অভিযোগে আরেক পাইলটের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

সূত্র: আনন্দবাজার

/এমএকে/