শিরোনাম

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ দেবে রাশিয়া: জেলেনস্কি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ দেবে রাশিয়া: জেলেনস্কি
রুশ সেনাবাহিনীর সদস্যরা ও ইনসেটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

সেপ্টেম্বরে রুশ সেনাবাহিনীতে নতুন করে আরও ৩ লাখ সেনা যুক্ত করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পরপরই বড় পরিসরে এ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন।

কিয়েভে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি জানান, ২০২৭ সালের মধ্যে সামরিক বাহিনীতে অতিরিক্ত ৫ লাখ সৈন্য যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেপ্টেম্বরে ৩ লাখ সেনা নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।

রাশিয়ার নতুন কৌশল নিয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার দূরবর্তী অঞ্চলগুলোতে সৈন্য সমাবেশের মাধ্যমে সংগ্রহ করা হবে এ সেনাদের। সংবাদমাধ্যম ও অন্যান্যদের দৃষ্টি এড়াতে বড় শহরগুলোতে সেনা সমাবেশ করার কোনো পরিকল্পনা নেয়নি তারা। কিন্তু যে গোপনীয়তা রক্ষার জন্য তারা এ পদক্ষেপ নিয়েছে, তা সফল হবে বলে আমরা মনে করি না।’

উল্লেখ্য, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে রাশিয়ার এ বিশাল সেনা সমাবেশের উদ্যোগ সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে তারা কোনো সুবিধা করতে পারবে না বলে মনে করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেন, নতুন ৩ লাখ সেনা নিয়োগ করবে রাশিয়া, কিন্তু বেশিদিন তাদের রাখতে পারবে না। ইউক্রেনীয় বাহিনী তাদের সবাইকে শেষ করে দেবে।

ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালের মিনস্ক চুক্তির শর্ত ভেঙে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার জন্য কিয়েভের তদবিরকে কেন্দ্র করেই মূল বিরোধের সূত্রপাত। দীর্ঘদিনের টানাপোড়েনের জেরে ২০২২ সালে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

সূত্র:রয়টার্স

/এমএকে/