ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ হামলায় নিহত ১৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ হামলায় নিহত ১৫
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন উদ্ধারকর্মীরা

ইউক্রেনের হামলার জবাবে ‘কঠিন’ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ঘোষণার কয়েক দিনের মাথায় ইউক্রেনের কিয়েভ অঞ্চলে চালানো একাধিক রুশ হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একটি হামলায় বহুতল আবাসিক ভবনের একাংশ ধসে পড়ায় ভেতরে আটকা পড়া বাসিন্দাদের বের করে আনতে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ইউক্রেনজুড়ে রাশিয়ার নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখন নিত্যদিনের ঘটনা। চলমান যুদ্ধ পঞ্চম বছরে পা দিয়েছে। এমন পরিস্থিতিতে আসন্ন হাড়কাঁপানো শীত মোকাবিলার প্রস্তুতির মাঝেই নতুন করে রুশ আক্রমণের মুখে পড়ল দেশটি। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরের দাইমার শহরে। রাতের অন্ধকারে সেখানকার একটি ৫ তলা আবাসিক ভবনে আঘাত হানে রুশ ড্রোন। ভবনটির একাংশ ভেঙে পড়ায় ভেতরে আটকা পড়েন অসংখ্য মানুষ। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানান, কেবল এই ভবনেই অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মৃতের সংখ্যা নিশ্চিত করে তিনি লেখেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন।

এর আগে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস টেলিগ্রামে জানিয়েছিল, নিহতদের তালিকায় একজন কিশোরও রয়েছে। সংস্থাটির তথ্যমতে, এখনও ১১ জন মানুষের কোনো খোঁজ মিলছে না, যাদের মধ্যে দুই শিশুও আছে। নিখোঁজ ব্যক্তিরা কোনো সাড়া দিচ্ছেন না বা তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

তবে ধ্বংসস্তূপ থেকে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশুসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছেন কর্মীরা। উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত বা মৃত অবস্থায় মানুষদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/