১৫ জেলায় সহিংসতা ও অগ্নিসংযোগ, নিহত ২; বাস-রেললাইনে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
১৫ জেলায় সহিংসতা ও অগ্নিসংযোগ, নিহত ২; বাস-রেললাইনে আগুন
রাজধানীতে বাসে আগুন

দেশের বিভিন্ন স্থানে এক রাতেই অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত দেশের ১৫ জেলায় এসব ঘটনা ঘটে। কোথাও বাস ও রেললাইনে আগুন দেওয়া হয়েছে, কোথাও পুলিশ বক্স, থানা ও রাজনৈতিক কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্যের বাড়িও। এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন এক বাসচালকের সহকারী। ফরিদপুরের ভাঙ্গায় হামলায় নিহত হয়েছেন কৃষক দলের এক নেতা।

যেসব জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলো হলো গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুর। এ ছাড়া আরও দুই জেলায় নাশকতার চেষ্টা চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনার কয়েকটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাসে আগুন, প্রাণ গেল চালকের সহকারীর

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে আজ ভোর চারটার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী সিয়াম (২৫)। আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

নারায়ণগঞ্জে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আবদুর রশিদ মার্কেট এলাকায় মেঘলা ট্রান্সপোর্টের বাস ডিপোর সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। আজ ভোরে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন মুখোশধারী ব্যক্তি বাস দুটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। রূপগঞ্জ থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ছাড়া গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা থ্রি স্টার পরিবহনের একটি স্টাফ বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ ভোর পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের চানমারী এলাকায় মাজারের কাছে দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও আগুন দেওয়া হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

রংপুর নগরের পর্যটন মোটেলের সামনে একটি ক্যাডেট কোচিং সেন্টারের শিক্ষার্থী পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে। ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি কোচিং সেন্টারের সামনে পার্ক করে রাখা ছিল। আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ফরিদপুরে কৃষক দলের নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় নিহত হয়েছেন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪)। গতকাল রাত সোয়া নয়টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ডসংলগ্ন বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে রাত নয়টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় মিছিল বের করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একপর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা চালিয়ে পালিয়ে যান হামলাকারীরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেললাইনে ও ট্রেনের কোচে আগুন

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাতে কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রেললাইনে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, অতিথপুর স্টেশনটি এক যুগের বেশি সময় ধরে বন্ধ। রাত পৌনে ১২টার দিকে দুর্বৃত্তরা সেখানে আগুন দেওয়ার পাশাপাশি রেললাইনে চটের বস্তায় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেনের একটি কোচেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ ভোরে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনটি চাষাঢ়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি একটি কোচে আগুন ধরিয়ে দেন। পরে ট্রেনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুল ইসলাম জানান, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়ে অগ্নিসংযোগ

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হবিগঞ্জের নবীগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল, দিনাজপুর ও চট্টগ্রামের সাতকানিয়ায় এসব ঘটনা ঘটে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে গতকাল দিবাগত রাত দুইটার দিকে আগুন দেওয়া হয়। কালো মাস্ক পরা এক ব্যক্তি নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে শুকনা পাতা ও কাঠের টুকরায় আগুন ধরান। পরে ভবনের ওপরের অংশে থাকা ব্যাংকের একটি ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যান। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের ভবনের নিচতলার বারান্দায় এবং বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। আজ ভোরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিন ব্যক্তিকে দাহ্য পদার্থ ছিটিয়ে ব্যাংকের কলাপসিবল গেট ও বারান্দায় আগুন দিতে দেখা যায়। তবে পুলিশ বলছে, ভিডিওর ঘটনাস্থল গ্রামীণ ব্যাংকের ওই শাখা কি না, তা যাচাই করা হচ্ছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে মনে হচ্ছে না।

রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, আঞ্চলিক অডিট কার্যালয় ও বিভাগীয় প্রধান কার্যালয় লক্ষ্য করে গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা দুই যুবককে পেট্রলবোমা ছুড়তে দেখা যায়। এ সময় কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও শোনা যায়। তবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। শাহমখদুম থানার ওসি আকবর আলী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার গ্রামীণ ব্যাংক কার্যালয়ে গতকাল দিবাগত রাত তিনটার দিকে আগুন দেওয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার বারান্দায় আজ ভোর চারটার দিকে পেট্রল ও মোবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান ও নৈশপ্রহরীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা পরিষদের পাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গতকাল দিবাগত রাত দুইটার দিকে আগুন দেওয়া হয়। তবে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিএনপির কার্যালয় ও পুলিশ বক্সে আগুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আজ ভোররাতে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়টির পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গতকাল দিবাগত রাত একটার দিকে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাড়ির সামনে গতকাল রাত ১১টার দিকে দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ ভোরে দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে যুব মহিলা লীগের নেত্রী নিগার সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার নিগার সুলতানার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধার চেষ্টা

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বড় রেইনট্রিগাছ কেটে সড়কের দিকে হেলে রাখা হয়। আজ সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস, থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা গাছটি অপসারণ করেন। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হুমায়ুন কবির জানান, গাছটির বেশির ভাগ অংশ কাটা থাকায় যেকোনো সময় সেটি যানবাহনের ওপর পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। দুপুর ১টা ৫২ মিনিটে গাছ অপসারণের কাজ শেষ হয়। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, কারা গাছটি কেটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ককটেল ও ‘জয় বাংলা’ লেখা চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের দুটি স্থান থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব বস্তুর সঙ্গে ‘জয় বাংলা’ লেখা চিরকুটও পাওয়া গেছে।

গতকাল রাত ১১টার দিকে গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে থেকে তিনটি এবং আজ ভোরে বোলতলা সেতুর ওপর থেকে আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এলাকায় আতঙ্ক ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এগুলো রাখা হয়ে থাকতে পারে।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ বলেন, সড়কে ককটেল ফেলে রাখা, থানা ও পুলিশ বক্সে আগুন দেওয়া এবং বাস পুড়িয়ে দেওয়ার মতো সহিংসতা করে কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে, এমন ধারণা ঠিক নয়।

গাংনী থানার ওসি মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

/এমআর/