সাইবার হামলায় ফ্রান্সের ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁস

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাইবার হামলায় ফ্রান্সের ২ কোটি ২০ লাখ মানুষের তথ্য ফাঁস
প্রতীকী ছবি

ফ্রান্সের ইতিহাসে অন্যতম বড় সাইবার হামলার ঘটনায় দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। রাষ্ট্রীয় ডাক বিভাগ ‘লা পোস্ট গ্রুপ’-এর ডিজিটাল সহযোগী প্রতিষ্ঠান ‘মেইলেভা’-তে এ অনুপ্রবেশের ঘটনা ঘটে। রবিবার (১৫ নভেম্বর) ফরাসি সংবাদমাধ্যমগুলোতে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

ফরাসি দৈনিক লে ফিগারো ও লা ত্রিবিউনের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মেইলেভার সিস্টেমে বড় ধরনের এ হানা দেয় হ্যাকাররা। প্রতিষ্ঠানটি লা পোস্টের ডিজিটাল শাখা ডকাপোস্টের অধীনে পরিচালিত হয়ে থাকে।

সাইবার নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্ম ‘সাইবারআতাক.অর্গ’-এর তথ্য অনুযায়ী, এ হামলার ফলে ‘ফ্লান্দ্র ওপাল আবিতাত’ এবং ‘আলতেয়াল’-এর মতো সামাজিক আবাসন প্রতিষ্ঠানের গ্রাহকদের তথ্য ঝুঁকিতে পড়েছে। এর পাশাপাশি সুরেসনের ফোশ হাসপাতাল এবং বেশ কিছু চিকিৎসা পরীক্ষাগারের রোগীদের গোপনীয় তথ্যও হ্যাকারদের হাতে চলে গেছে।

জানা গেছে, হ্যাকাররা মূলত বকেয়া অর্থ পরিশোধের তাগিদসংক্রান্ত চিঠির নথিপত্র হাতিয়ে নিয়েছে। এর ফলে রোগীদের চিকিৎসার তারিখ, চালান নম্বর এবং বকেয়া টাকার অঙ্কের মতো সংবেদনশীল তথ্য প্রকাশ্যে চলে এসেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মেইলেভা কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। তারা ইতোমধ্যে ফ্রান্সের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল কমিশন অন ইনফরমেটিকস অ্যান্ড লিবার্টিজ’ (সিএনআইএল)-কে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং এ ঘটনায় একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। দেশের প্রচলিত আইন মেনে ক্ষতিগ্রস্ত সব প্রাতিষ্ঠানিক গ্রাহককে তথ্য ফাঁসের বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পুরো বিষয়টি নিয়ে বর্তমানে বিচার বিভাগীয় তদন্ত চলছে।

প্রায় ৭০ হাজারের বেশি প্রাতিষ্ঠানিক গ্রাহককে সেবা দেওয়া মেইলেভা মূলত বেতনপত্র, চালান এবং নিবন্ধিত চিঠিপত্র আদান-প্রদানের কাজ করে। ফরাসি সংবাদমাধ্যমগুলোর মতে, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষকে প্রভাবিত করা ঘটনাটি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার তথ্য চুরির নজিরগুলোর একটি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/