বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে গুজব বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বরকত উল্লাহ বুলু দলীয় পদ থেকে পদত্যাগ করেননি। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন।

শায়রুল কবির খানের দেওয়া তথ্য অনুযায়ী, গত প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরকত উল্লাহ বুলু। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন। চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে তাকে দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে তাঁর পদত্যাগের খবর নাকচ করা হলো।

এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুকের দলীয় পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান। তিনি জানান, ওসমান ফারুক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

/এমআর/