যুদ্ধবিরতি নিয়ে মেলেনি সমাধান, বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুদ্ধবিরতি নিয়ে মেলেনি সমাধান, বন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন
বৈঠক শেষে কথা বলছেন মার্কিন দূত জ্যারেড কুশনার

আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় টানা দুই দিনের শান্তি আলোচনা শেষে একটি বড় আকারের বন্দি বিনিময় চুক্তি করতে একমত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তবে যুদ্ধবিরতি কিংবা আঞ্চলিক ভূখণ্ড নিয়ে তৈরি হওয়া মূল বিরোধের কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে বৈঠকটি।

মার্কিন দূত জ্যারেড কুশনার বুধবার (১১ নভেম্বর) আলোচনার পর এ চুক্তির কথা জানিয়ে জানান, কতজন বন্দি বিনিময় করা হবে, তার চূড়ান্ত সংখ্যা জানা যাবে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। তিনি বলেন, একটি ইতিবাচক দিক হলো, আমরা সবচেয়ে বড় পরিসরে মানবিক কারণে বন্দি মুক্তি দেওয়ার বিষয়ে একমত হয়েছি, যার সংখ্যা আমরা আগামীকাল চূড়ান্ত করব। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এবং রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কিও চুক্তির বিষয়টি স্বীকার করেছেন, যদিও তারা সময় বা অন্যান্য বিবরণ সম্পর্কে কিছু জানাননি।

বিগত নয় মাসের মধ্যে কিয়েভ ও মস্কোর প্রথম এ সরাসরি বৈঠক থেকে এটিই একমাত্র দৃশ্যমান ফল। চলতি বছরের ফেব্রুয়ারিতে জেনেভায় বসা আগের আলোচনাটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। অবশ্য ২০২৫ সালের মে মাসে ইস্তাম্বুল বৈঠকেও যুদ্ধবিরতি না হলেও উভয় দেশ ১ হাজার জন করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছিল।

এদিকে রাশিয়া এখনও পূর্ব দোনবাস অঞ্চলের ইউক্রেনীয় ভূখণ্ড থেকে কিয়েভের সেনা প্রত্যাহারের দাবিতে অনড়। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, সীমানা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত দুই দেশের শীর্ষ নেতাদের পর্যায়ে হতে হবে। তাছাড়া তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে মস্কো জানিয়েছে, কিয়েভকে আগে তাদের সামগ্রিক নিরাপত্তার শর্ত মানতে হবে।

এ মার্কিন মধ্যস্থতার ফাঁকে ইউরোপীয় প্রতিনিধিরা আবুধাবিতে থাকলেও তারা ত্রিপক্ষীয় বৈঠকে বসার সুযোগ পাননি। উল্টো তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিনি। তারা ঠিক কী দায়িত্বে এখানে আছেন, তা আমরা বুঝতে পারছি না। মেদিনস্কি আরও মন্তব্য করেন, ইউরোপ থেকে নির্দিষ্ট কোনো শান্তি প্রস্তাব আসেনি, তাই তাদের সঙ্গে আলোচনা করার কী আছে, তা আমরা ঠিক বুঝতে পারছি না।

ইউক্রেনীয় প্রতিনিধি রুস্তেম উমেরভ জানিয়েছেন, তারা ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলাদাভাবে বৈঠক চালিয়ে যাচ্ছেন। ওয়াশিংটনও মনে করছে, মহাদেশীয় নিরাপত্তার স্বার্থেই শেষ পর্যন্ত ইউরোপকে মূল আলোচনার টেবিলে আনতেই হবে।

সূত্র: ইউরো নিউজ

/এমএকে/